টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ঝরঝরে মেজাজে ছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে তারা সুপার এইটে জায়গা করে নিয়েছিল। সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা চমক দেখাবে এমনটাই প্রত্যাশা ছিল ক্রিকেটভক্তদের। কিন্তু প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে দলটি। ১০৭ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডপাতা ওলোটপালোট করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ২৫৪ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি। বর্তমান আসরের সর্বোচ্চও বটে। হেটমায়ার ৩৪ বলে সাতটি করে চার ও ছক্কায় ৮৫ রান করেন।বিপরীতে জিম্বাবুয়ে১৪৭ রানে গুটিয়ে যায়।
সর্বোচ্চ ছক্কা: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এক আসরে সর্বোচ্চ ১৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল উইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরানের। ২০২৪ সালে এই কীর্তি গড়েছিলেন। এবার হেটমায়ারের সামনে সেই কীর্তি গড়ার সুযোগ। এরই মধ্যে পুরানের সমান ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
স্ট্রাইক রেট: ৩৪ বলে ৮৫ রান হেটমায়ারের স্ট্রাইকরেট ছিল ২৫০। বিশ্বকাপে কমপক্ষে ৩০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ এটি।
১৯: জিম্বাবুয়ের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মোট ১৯টি ছক্কা হাঁকিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডস ১৯টি ছক্কা হাকিয়েছিল।
দ্রুততম হাফ সেঞ্চুরি: হেটমায়ার মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগের কীর্তিও ছিল হেটমায়ারের। এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।
৩১: ম্যাচে মোট ৩১টি ছক্কা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে এটাই সর্বাধিক ছক্কা।
