টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগ- তদন্তের মুখোমুখি ফিফা

টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগ- তদন্তের মুখোমুখি ফিফা

টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগ- তদন্তের মুখোমুখি ফিফা, ছবি : সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের চড়া টিকিট মূল্য নিয়ে বিশ্বব্যাপি অনেক সমালোচনা হয়েছে। এবার টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগ উঠেছে। আর সেজন্য ২০২৬ বিশ্বকাপ টিকিট বিক্রি প্রক্রিয়াটি তদন্তে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে কাঠগড়ায় টানছেন নিউইয়র্ক ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা।

বিশ্বকাপের টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগ উঠেছে মূলত দফায় দফায় বিভিন্ন ক্যাটাগরিতে অস্বাভাবিক মূল্যের জন্য। এ নিয়ে শুরু থেকেই বিশ্বব্যাপি ফিফার ওপর ক্ষুব্ধতা প্রকাশ করেছেন ফুটবল ভক্ত-সমর্থকরা। তবে সেসব সমালোচনার প্রেক্ষিতে কোনো না কোনো যুক্তি দাঁড় করিয়েছে ফিফা।

যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাদের কাছ থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি প্রক্রিয়ার বিষয়ে তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কৃত্রিমভাবে টিকিটের দাম বাড়ানো এবং টিকিট বিক্রির বিষয়ে ভক্তদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠার পর নিউইয়র্ক এবং নিউজার্সির অ্যাটর্নি জেনারেলরা ফিফার কাছে জবাব চেয়েছেন।

টিকিট মূল্য নিয়ে তদন্তের মুখোমুখি ফিফা, ছবি : সংগৃহীত

যে কারণে টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগ

সমর্থকদের আসনের অবস্থান নিয়ে প্রতারণা করা হয়ে থাকতে পারে—এমন রিপোর্টের ভিত্তিতে ফিফাকে তথ্য দেওয়ার নির্দেশ দিয়ে একটি সমন জারি করা হয়েছে। এছাড়া ফিফার জনসমক্ষে দেওয়া বিবৃতি এবং ধাপে ধাপে টিকিট ছাড়ার প্রক্রিয়া টিকিটের দাম ক্রমাগত বাড়িয়ে তোলার পেছনে ভূমিকা রেখেছে বলেও অভিযোগ উঠেছে।

নিউজার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস নিউজার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আটটি ম্যাচের টিকিট সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন। এই ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২৭ জুনের গ্রুপ পর্বে ইংল্যান্ড বনাম পানামার ম্যাচ এবং ১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল।

টিকিট ছাড়ার নির্দিষ্ট সময়সূচি এবং ফিফার পাবলিক স্টেটমেন্টগুলো কীভাবে দামের ওপর প্রভাব ফেলেছিল, তা এই তদন্তে খতিয়ে দেখা হবে। পাশাপাশি যেসব নিউজার্সিবাসী বিশ্বকাপের টিকিটের টাকা পরিশোধ করার পরও টিকিট পাননি, তাঁদেরকে ‘ডিভিশন অফ কনজিউমার অ্যাফেয়ার্স’-এর ওয়েবসাইটে অভিযোগ জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের টিকিটমূল্য অস্বাভাবিক, ছবি : সংগৃহীত

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, ‘নিউইয়র্কবাসী বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন বিশ্বকাপ যেন তাঁদের ঘরের মাঠে আসে এবং সাশ্রয়ী মূল্যে টিকিট পাওয়ার ন্যায্য অধিকার তাঁদের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসন কেনার জন্য কাউকে এভাবে চড়া দাম দিতে বাধ্য বা প্রভাবিত করা উচিত নয়। ভক্তদের এই বিশ্বাস রাখার সুযোগ থাকা উচিত যে, তাঁরা যে টিকিটটি কিনছেন, শেষ পর্যন্ত সেই আসনটিই পাবেন।’

Exit mobile version