বিশ্ব অ্যাথলেটিক্সে পোল ভল্টের মঞ্চে আধিপত্য ধরে রেখেছেন সুইডিশ তারকা আরমান্ড ডুপ্ল্যান্টিস। যিনি ‘মন্ডো’ নামেই বেশি পরিচিত। নিজেকে বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠা করলেও থেমে থাকার কোনো লক্ষণ নেই তার। দুর্দান্ত গতি, শক্তি আর পোলের নিখুঁত ব্যবহারে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। সর্বশেষ বৃহস্পতিবার আবারও নিজের নামের পাশে নতুন ইতিহাস যোগ করলেন এই সুইডিশ পোল ভল্টার।
সুইডেনের উপাসালা শহরে আয়োজিত নিজের নামে চালু হওয়া প্রতিযোগিতা “মন্ডো ক্লাসিক” – এ ৬.৩১ মিটার (২০ ফুট ৮¼ ইঞ্চি) উচ্চতা অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ডুপ্ল্যান্টিস। এর মাধ্যমে ক্যারিয়ারে ১৫তমবারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন তিনি। ২০২০ সালে প্রথমবার বিশ্ব রেকর্ড গড়ার পর থেকে ধারাবাহিকভাবে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন এই তারকা। প্রায় প্রতিবারই এক সেন্টিমিটার করে বাড়িয়ে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন পোল ভল্টের সীমা।
গত কয়েক বছর ধরেই বড় আসরগুলোতে তার আধিপত্য স্পষ্ট। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং প্যারিস অলিম্পিকসে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ইতোমধ্যে অলিম্পিকে দুটি স্বর্ণপদকও জিতেছেন ডুপ্ল্যান্টিস।
২০২৩ সালের পর থেকে মন্ডো ক্লাসিকে তার এই জয় টানা ৩৮তম। যা তার ধারাবাহিক সাফল্যের প্রমাণ। অবশ্য এতো অর্জনের পরও বিশ্ব রেকর্ড ভাঙার সংখ্যায় এখনও তিনি পিছিয়ে আছেন কিংবদন্তি সের্গেই বুবকা থেকে। ইউক্রেনের এই গ্রেট ১৯৮০ ও ৯০-এর দশকে আউটডোরে ১৭ বার এবং ইনডোরে ১৮ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন।
এখন ডুপ্ল্যান্টিসের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী সপ্তাহে পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। সেখানে টানা চতুর্থবারের মতো শিরোপা জয়ের হাতছানি রয়েছে এই সুইডিশ সুপারস্টারের সামনে।
কবে থেকে আলোচনায় আসলেন ডুপ্ল্যান্টিস?
আরমান্ড ডুপ্ল্যান্টিস খুব অল্প বয়সেই আলোচনায় আসেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই সুইডিশ পোল ভল্টার কৈশোরেই তার অসাধারণ প্রতিভার ঝলক দেখান।
স্কুল পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়েই একের পর এক বয়সভিত্তিক রেকর্ড গড়ে সবার নজর কাড়েন তিনি। বিশেষ করে ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ৫.৩০ মিটার লাফিয়ে বয়সভিত্তিক বিশ্বসেরা পারফরম্যান্স করেন, যা তাকে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মহলে আলোচনায় নিয়ে আসে।
এরপর ২০১৮ সালে ফিনল্যান্ডের টাম্পেরে শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে তরুণ তারকা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন ডুপ্লান্টিস।
তবে বিশ্বজুড়ে সবচেয়ে বড় আলোচনায় আসেন ২০২০ সালে, যখন তিনি প্রথমবারের মতো পোল ভল্টে বিশ্ব রেকর্ড ভাঙেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই নিজের রেকর্ড নিজেই ভেঙে অ্যাথলেটিক্সে এক নতুন যুগের সূচনা করেছেন এই সুইডিশ তারকা।
