উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। অ্যাওয়েতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে শেষ মুহুর্তের গোলে ১-০ ব্যবধানে স্পোর্টিং লিসবনের বিপক্ষে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। সে সঙ্গে সেমিতে খেলার হাতছানি তাদের সামনে। কাই হাভার্টজ করেন একমাত্র গোলটি।
আর্সেনালের জন্য স্বস্তি
লিসবনে অনুষ্ঠিত এ ম্যাচে জয় আর্সেনালের জন্য বিশাল এ স্বস্তি। কেননা ফিরতি লেগের ম্যাচটি তারা নিজেদের মাঠে খেলবে। ফলে স্বাভাবিকভাবেই তারা সুবিধাজনক অবস্থায় থাকবে। পরিচিত মাঠ, পরিচিত পরিবেশ, দর্শক সমর্থন সব মিলিয়ে স্বস্তিতে আর্সেনাল। তার সঙ্গে যোগ হয়েছে শেষ মুহুর্তের গোলটি। এক গোলে এগিয়ে থাকায় ফিরতি লেগের ম্যাচে আর্সেনালের জন্য ড্র যথেষ্ঠ হবে।
হঠাৎ গোল
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। উভয় দলের সমর্থকরা তারই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে স্বাগতিক দলের সমর্থকদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। গ্যাব্রিয়েল মার্টিনেলির কাছ থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় কাই হাভার্টজ স্বাগতিক দলের সর্বনাশটা করেন।
গোলরক্ষক ডেভিড রায়ারও নায়ক
তবে এ ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে আর্সেনালের ঘরে ফেরার অবদানটা কম নয় গোলরক্ষক ডেভিড রায়ার। বিশেষ করে স্পোর্টিং লিসবনের ম্যাক্সি আরাউজোকে গোল থেকে বঞ্চিত করার পুরো কৃতিত্বটাই তার। শুধু তাই নয়, ইনজুরি সময়ে অন্তত দুইবার তিনি দলের ত্রাণকর্তা হয়েছেন।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সফরকারী আর্সেনাল। কিন্তু সুযোগ তৈরির প্রতিযোগিতায় আর্সেনালকে পেছনের দিকে ঠেলে দিয়েছে স্বাগতিক দল। প্রতিপক্ষের মাঠে খেলা সে কারণেই হয়তো একটু বেশি সতর্ক ছিল মিকেল আরতেতার দল। গোল করার চেয়ে গোল পোষ্ট অক্ষত রাখাতেই বেশি মনোযোগ ছিল তাদের।
রক্ষণে মনোযোগী আর্সেনাল
রক্ষণে বেশি মনোযোগী হওয়ায় প্রথমার্ধে ৭০ভাগ সময় খেলায় আধিপত্য করেও প্রতিপক্ষকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি আরতেতার দল। বিরতির পরও আর্সেনালের মনোযোগ ছিল রক্ষণ সুরক্ষায়। তবে গোলের জন্য তারা যে চেষ্টা করছিল না তা নয়। তাদের একটু একটু চেষ্টা শেষ পর্যন্ত শেষ সময়ে সফলতার মুখ দেখে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটেই বাজিমাত করেন বদলি হিসেবে নামা কাই হাভার্টজ।
এ ম্যাচে জয়ের ফলে আর্সেনালের সামনে এখন সেমিফাইনালে খেলার হাতছানি। শেষ পর্যন্ত যদি তারা সেমিফাইনালে উঠতে পারে তাহলে আর্সেনালের ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার সেমিফাইনাল খেলবে দলটি। আগামী ১৫ এপ্রিল রাতে আর্সেনালের মাঠে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
