লিগ শিরোপা জয়ে উৎসবে মাতোয়ারা আর্সেনালের সমর্থকরা

ইংলিশ প্রিমিয়ার লিগ

শিরোপা নিশ্চিত হওয়ার আর্সেনালের সমর্থকরা

আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়টা বিশ্বকাপ ফুটবল জয়ের সঙ্গে তুলনা করা যায়। একটা বা দুটো বছর নয়, এক দশক নয়, দুই দশকেরও বেশি সময় পর আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দেখা পেয়েছে। তাই তো ক্লাবটিতে আনন্দ আর উৎসবের সুনামি বয়ে যাচ্ছে।

এ মৌসুমে শিরোপা দৌড়ে আর্সেনাল ভালোভাবেই ছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে হঠাৎ তাদের হাতে শিরোপা ধরা দেয়। মূলত শিরোপা জয়ের দৌড়ে অন্যতম প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি মঙ্গলবার রাতে পয়েন্ট হারানোয় এক ম্যাচ বাকি থাকতেই আর্সেনাল শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠার সুযোগ পায়।

এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথ মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল। এ সময়ে স্টেডিয়ামের বাইরে আশপাশের রেস্টুরেন্টগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। আর্সেনালের সমর্থকদের ভিড় উপচে পড়ছিল পানশালাগুলো। ম্যাচের শেষ বাঁশি বাজতেই আর্সেনাল সমর্থকরা আনন্দে নেচে ওঠে।

রাস্তায় উৎসবে আর্সেনালের সমর্থকরা

সর্বত্র আর্সেনালের সমর্থক

শুধু এমিরেটস স্টেডিয়ামের বাইরে নয়, আর্সেনাল সমর্থকরা জড়ো হয়েছিল ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে। শুধু সমর্থকরা নয়, আর্সেনালের খেলোয়াড়রা সন্ধ্যা নামতেই ট্রেনিং গ্রাউন্ডে হাজির হতে থাকেন। অপেক্ষায় থাকেন একটা অঘটনের। ম্যানচেষ্টার সিটি পয়েন্ট হারালে আর শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হবে না আর্সেনালকে। এমন প্রত্যাশা নিয়েই সবাই হাজির হয়েছিল। শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হয়নি। একটা অঘটন যে ঘটতে যাচ্ছে তা ম্যাচের প্রথমার্ধেই টের পেয়েছিল আর্সেনাল সমর্থকরা। ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। শেষ সময়ে তারা গোল পরিশোধ করেছে ঠিকই, তবে তা শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকার জন্য যথেষ্ঠ ছিল না।

ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই আর্সেনাল সমর্থকরা ওলে ওলে গানের তালে নাচতে শুরু করেন। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলে চিৎকার করতে থাকেন।

অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের

দীর্ঘ ২২ বছর পর আর্সেনালের এই শিরোপা জয়। স্বাভাবিকভাবেই আনন্দের মাত্রাটা একটু বেশি। তবে আর্সেনাল এখন অপেক্ষায় রয়েছে আরও একটা ম্যাচের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের জন্য। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে কখনো সাফল্যের দেখা পায়নি আর্সেনাল। এবার সেই সাফল্য ছোঁয়ার খুব কাছে পৌঁছে গেছে দলটি। সে জন্য চাই আর একটা মাত্র জয়। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইকে ফাইনালে হারাতে পারলেই সেই কাঙ্খিত এবং অধরা সেই শিরোপা তাদের হাতে ধরা দেবে।

Exit mobile version