সময়টা এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব আর্সেনালের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেমন দাপুটে খেলা খেলছে তেমনি ঘরোয়া লিগে। শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাওয়েতে উড়িয়ে দিয়েছে লিডস ইউনাইটেডকে। ৪-০ গোলে জয় পেয়েছে।
চমৎকার এ জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আর্সেনাল বেশ স্বস্তি নিয়ে সামনে এগুচ্ছে। সবথেকে কাছে থাকা ম্যানচেস্টার সিটি থেকে তারা ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে। ২৪ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৫৩। অন্যদিকে ম্যানসিটির পয়েন্ট ৪৬।
লিডস ইউনাইটেডের বিপক্ষে এটা আর্সেনালের টানা অষ্টম জয়। আর টানা অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১৬।
প্রিমিয়ার লিগে গত কয়েকদিন কঠিন সময় পার করতে হয়েছে আর্সেনালকে। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর চতুর্থ ম্যাচে এসে তারা পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। জানুয়ারি মাসে প্রিমিয়ার লিগে চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল তারা। বোর্নমাউথকে হারিয়ে নতুন বছর শুরু করেছিল গানার্সরা। তারপরেই পথ হারিয়ে বসে দলটি। লিভারপুল ও নটিংহাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে। তারপর হেরে যায় ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে। নতুন মাসের শুরুতে এসে সেই ফাড়া কাটিয়ে জয়ের দেখা পেয়েছে দলটি।
আর্সেনাল উভয়ার্ধে দুটো করে গোল পায়। মার্টিন জুবিমেন্দির গোলে ২৭ মিনিটে এগিয়ে যায় তারা। তারপর আত্মঘাতি গোল। দ্বিতীয়ার্ধে গয়োকরেস ও গ্যাব্রিয়েল জেসুস করেন গোল।
