উইগানকে উড়িয়ে পঞ্চম রাউন্ডে আর্সেনাল

এফএ কাপ

উইগান অ্যাথলেতিককে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি রবিবার নিজেদের মাঠের খেলায় ৪-০ গোলে জয় পেয়েছে।

আর্সেনালের অসাধারণ এক জয় বলা যায়। প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেওয়া দলটির বিপক্ষে তৃতীয় বিভাগের দলটি দাঁড়াতেই পারেনি। একের পর এক গোল করেছে আর্সেনাল। প্রথমার্ধে ১৭ মিনিটের ব্যবধানে চারবার উইগানের জালে বল ফেলে তারা। নোনি মাদুয়েকা, গ্যাব্রিয়েল মার্টিনেলিও গ্যাব্রিয়েল জেসুস গোল করেন। ১১তম মিনিট থেকে ২৭তম মিনিট পর্যন্ত সময়ে আর্সেনাল ঝড় তুলে একের পর এক গোল করে। এর মাঝে একটা ছিল আত্মঘাতি গোল।

প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল আর্সেনাল। সেই ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন কোচ আর্তেতা। আটটা পরিবর্তন এনেছিলেন। তারপরও তাদের আক্রমণটা যথেষ্ঠ শক্তিশালী ছিল। বুকায়ো সাকা, এবেরচি ইজে, মাদুয়েকা, জেসুস ও মার্টিনেলিকে নিয়ে গড়া আক্রমণভাগ সামাল দিতে নাভিশ্বাস ওঠে উইগানের রক্ষণভাগের।

গোলের পর আর্সেনালের খেলোয়াড়রা

প্রথমার্ধে চার গোলের পর আর্সেনাল আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে এ চার গোল তাদের লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ঠ ছিল। তাদের হতাশা দূর করার জন্য ছিল যথেষ্ঠ। দীর্ঘদিনের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে তারা চতুর্থ রাউন্ডের বাধা পার হয়েছে। ২০২০ সালে শিরোপা জয়ের পর দলটি আর কখনো চতুর্থ রাউন্ডের বাধা পার হতে পারেনি। দীর্ঘ অর্ধ যুগ পর তারা পঞ্চম রাউন্ডে পা রেখেছে। ফলে প্রিমিয়ার লিগের পাশাপাশি এখনো পর্যন্ত তাদের সামনে এফএ কাপ, কারাবাও কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সুযোগ রয়েছে।

প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি এরই মধ্যে কারাবাও কাপ জয়ের শেষ ধাপে পৌঁছেছে। আগামী ২২ মার্চ নিজেদের মাঠের খেলায় তারা শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছেছে শেষ ষোলোতে।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে এদিন আরও জয় পেয়েছে লিডস ইউনাইটেড, ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, সান্ডারল্যান্ড ও ফুলহাম। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর লিডস ইউনাইটেড টাইব্রেকারে ৪-২ গোলে বার্মিংহাম সিটিকে হারায়। ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ১-০ গোলে গ্রিমসবাই টাউনকে, সান্ডারল্যান্ড একই ব্যবধানে অক্সফোর্ড ইউনাইটেডকে, ফুলহাম ২-১ গোলে স্টোক সিটিকে হারায়।

Exit mobile version