বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে বলে বিশ্বাস ভারতের সাবেক স্পিনার অশ্বিনের। নানা নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
সাধারণত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই হাজ হাজার কোটি কোটি ডলারের রাজস্ব। দীর্ঘ দিন ধরে দুই দল নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাই প্রতিবারই আইসিসি ইভেন্টে তাদের এক গ্রুপে রাখা হয়। কিন্তু বাংলাদেশের ইসুতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ‘বয়কটের’ ডাকে মোটা অঙ্কের লোকসান গুনতে হতে পারে আইসিসিকে।
এদিকে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য বিশ্বাস করেন, এই ম্যাচ হবেই হবে, তিনি শতভাগ নিশ্চিত। পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত বদলাবে বলেই আশা অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘ম্যাচটা (ভারত-পাকিস্তান) শতভাগ হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পাকিস্তান (নিজেদের অবস্থান থেকে) পিছু হটবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।’
এছাড়া অশ্বিন আরও বলেন,‘তারা (পাকিস্তান) আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে, তাই সমঝোতা হতেই হবে। (আইসিসির) সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। পিএসএলে খেলোয়াড়দের এনওসি না-ও দেয়া হতে পারে।’
