এটাই যেন নিয়তি। চ্যাম্পিয়ন্স লিগে দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের দেখা হলে সেটা কোয়ার্টার ফাইনালেই হয়। এবারও তাই হয়েছে। ফলাফলেও তেমনই ইঙ্গিত মিলছে। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। লাল কার্ড খেয়ে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে তারা ২-০ গোলে হারিয়েছে তারা।
আতলেতিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলভারেজ ও আলেক্সান্ডার সোরলোথ গোল করেছেন।
আতলেতিকো ২-০ বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের আগের দুই লড়াইয়ে প্রাথমিক সাফল্য ছিল আতলেতিকো মাদ্রিদের। চুড়ান্ত হাসিও ছিল তাদের। কাকতালীয় সব ঘটনা স্প্যানিশ এই দুই ক্লাবের মধ্যের লড়াইয়ে। আগের দুইবার আতলেতিকো মাদ্রিদ প্রথমে অ্যাওয়েতে ম্যাচ খেলেছে। দুইবার জয় নিয়ে ফিরেছে তারা। একবার ২-০ গোলে অন্যবার ১-০ গোলে। ফিরতি লেগে নিজেদের মাঠে একবার হেরেছে একবার ড্র করেছে। ফলে কাঙ্খিত সাফল্য পেতে সমস্যা হয়নি। বার্সেলোনাকে কাঁদিয়ে তারা এগিয়ে গেছে।
বিদায়ের পথে বার্সেলোনা
বার্সেলোনার বিপক্ষে সেই সাফল্য এবারও ধরে রাখার পথে আতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে অ্যাওয়েতে তারা ২-০ গোলে জয় পেয়েছে। ঘরের মাঠের খেলায় দাপট দেখালেও একটা লাল কার্ড বার্সেলোনার সর্বনাশ করে ছাড়ে। ছন্দে থাকা বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখলে ম্যাচের চিত্রনাট্য পালটে। ম্যাচে পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছে বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধ তখন শেষের দিকে। দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে বল নিয়ে বার্সার ডি বক্সে ঢুকছিলেন, তখন পেছন থেকে তাকে ফাউল করেন ১৯ বছর বয়সী কুবারসি। সঙ্গে সঙ্গে রেফারি হলুদ কার্ড দেখান। বার্সেলোনার দুর্ভোগ তখনি শুরু। রেফারি ভিএআর দেখে কুবারসিকে লাল কার্ড দেখান।
ফাউলেই সর্বনাশ বার্সেলোনার
সেই ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে দুর্দান্ত এক শটে হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৭০ মিনিটে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় গোলের দেখা পায়।
সর্বশেষ জয় ২০১৫ সালে
বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০১৫ সালে। গতবার তারা সেমিফাইনালে উঠলে এবার কোয়ার্টার ফাইনালেই তাদের বিদায় ঘন্টা বাজতে পারে। আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। সেমিফাইনালে উঠতে হলে স্বাভাবিকভাবেই বড় দুই গোলের ব্যবধান ঘুঁচিয়ে বড় জয় পেতে হবে।
গত মার্চ মাসে বার্সেলোনাকে হারিয়েই কোপা দেল রের সেমিফাইনালে উঠেছিল আতলেতিকো। দুই সপ্তাহের ব্যবধানে তিনবার মুখোমুখি হওয়ার লড়াইয়ে এখন পর্যন্ত সিমিওনের দল এগিয়ে।
