অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

সিরিজ জয়ী পাকিস্তান দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে স্বাগতিক পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। বৃহষ্পতিবার লাহোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ৪ উইকেটে জয় পায়।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া মাত্র ১৫৭ রানে সব উইকেট হারিয়েছিল। জবাবে পাকিস্তান ৪১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায়। পাকিস্তানের জন্য এই সিরিজ জয় দারুণ এক ব্যাপার। ঘুরে দাঁড়ানোর সিরিজ ছিল এটি তাদের। আগের সিরিজে বাংলাদেশের কাছে হেরে তারা অস্বস্তিতে ভুগছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ জয় তাদেরকে স্বস্তি এনে দিয়েছে।

ম্যাচ সেরা আফ্রিদি

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেলেও দ্বিতীয় ম্যাচে তারা হেরে বসে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারকে রূপ নেয়। আর সেখানে তারা দৃঢ়তা দেখায়। অস্ট্রেলিয়ার সংগ্রহকে স্বল্প রানে আটকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। বল হাতে তিন উইকেট শিকার করেন তিনি। ম্যাচ সেরাও তিনি। রানের খাতা খোলা আগেই ক্রিজ ছাড়া করেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্টকে। মাত্র দুই বল খেলার সুযোগ পান তিনি।

ট্রফি হাতে পাকিস্তান অধিনায়ক

অস্ট্রেলিয়ার অপর ওপেনার জস ইংলিশের উইকেটটিও আফ্রিদির ভান্ডারে জমা হয়। তবে আউট হওয়ার আগে বোলার ও ফিল্ডারদের যথেষ্ঠ ভুগিয়েছেন তিনি। ৭১ বলে ৬৫ রান করেছেন আট বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে। অস্ট্রেলিয়ার ইনিংসে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রান। পরের ব্যাটাররা অনেকটা আসা পাওয়ার পালায় ছিলেন। তাদের স্কোরটা অনেকটাই টেলিফোন নাম্বারের মতো। ৭, ৪, ৩, ৭, ৯।

ব্যাটিংয়ে নেতৃত্বে বাবর আজম

প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও পাকিস্তানের ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। ধৈর্য্যের প্রতীক হয়ে ৮৪ বলে করেছেন ৪০ রান। তবে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছেন সপ্তম উইকেটে জুটিতে ক্রিজে আসা আব্দুল সামাদ (১৮) ও শাদাব খান (২৯)। তারা ৪৯ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ইনিংস: ১৫৭/১০ (৪২ ওভার)। (জস ইংলিশ ৬৫, মার্নাস লাবুশেন ১৯, অ্যালেক্স ক্যারে ১৯, অ্যাডাম জাম্বা ১০; শাহীন শাহ আফ্রিদি ৩/৩০, আবরার আহমদ ২/১৯, শাদাব খান ২/২৮)।

পাকিস্তান ইনিংস: ১৬১/৬ (৪১.৫ ওভার)। ( বাবর আজম ৪০, শাদাব খান ২৯, মাজ সাদাকাত ২৭, আব্দুল সামাদ ১৮; ম্যাথিউ কুনেমান ৩/৩৮)।

ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শাহীন শাহ আফ্রিদি।
সিরিজের ফল: তিন ম্যাচের সিরিজ পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।

Exit mobile version