নাহিদের গতিতে কাপলো অস্ট্রেলিয়া – বিগ ব্যাশ নিয়েও উঠল আলোচনা

নাহিদের গতিতে কাপলো অস্ট্রেলিয়া

নাহিদের গতিতে কাপলো অস্ট্রেলিয়া – বিগ ব্যাশ নিয়েও উঠল আলোচনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ম্যাচে বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। গতি আর বাউন্সে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলা এই তরুণ পেসার নিয়েছেন ৪ উইকেট। এমন বোলিংয়ের পর বিগ ব্যাশে তার খেলার সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদের প্রশংসায় মুখর হন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। তিনি বলেন, নাহিদের গতি আছে, বাউন্সও আছে। অস্ট্রেলিয়ার উইকেটেও এ ধরনের বাউন্স থাকে বলে মন্তব্য করেন তিনি। ক্যারির মতে, নাহিদের ভেতরে আরও অনেক প্রতিভা আছে, আর চাইলে সে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মতো বিগ ব্যাশের দলে যেতে পারে।

নাহিদকে সিরিজের বাকি ম্যাচগুলোতে কীভাবে সামলানো যায়, সেই পরিকল্পনাও শুরু করেছে অস্ট্রেলিয়া। ক্যারি বলেন, নাহিদের গতি সম্পর্কে তারা জানতেন, কিন্তু সামনে থেকে না দেখলে বিষয়টি পুরোপুরি বোঝা যায় না। লম্বা দেহ, গতিময় রানআপ আর উইকেট থেকে পাওয়া বাউন্স, সব মিলিয়ে নাহিদ দারুণ বোলিং করেছেন বলে মন্তব্য করেন তিনি।

ক্যারি আরও জানান, অস্ট্রেলিয়া নাহিদের বোলিং ভিডিও এবং হাইলাইটস দেখেছে। দ্বিতীয় স্পেলে ফিরে এসে নাহিদ যেভাবে প্রভাব ফেলেছেন, তা থামাতে পারেনি তারা। ফাস্ট বোলারের কাছ থেকে এমন আক্রমণাত্মক মনোভাব প্রত্যাশিত বলেও মন্তব্য করেন এই অজি ব্যাটার। তবে আগামী বৃহস্পতিবার এবং রবিবার অনুষ্ঠিত পরের দুই ওয়ানডেতে নাহিদকে আটকে রাখার পরিকল্পনা তাদের আছে বলে জানান ক্যারি।

বাংলাদেশের পেস আক্রমণে নাহিদ রানা এখন বড় ভরসার নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই পারফরম্যান্স শুধু ম্যাচ জেতাতেই ভূমিকা রাখেনি, ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও নতুন ইঙ্গিত দিয়েছে।

Exit mobile version