পিএসএলে বাবর আজমের অধিনায়কত্বের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। চলতি পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। সেই ড্রেসিংরুম থেকে অধিনায়ক বাবর আজমকে নিয়ে ভরসার কথা শোনালেন সতীর্থ অ্যারন হার্ডি।
অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার অ্যারন হার্ডি এবার খেলছেন পেশোয়ার জালমির হয়ে। দলে যোগ দেওয়ার পর হার্ডির চোখে বাবর শুধু বড় ব্যাটার না, বরং একজন ঠান্ডা মাথার নেতা। তিনি বলেন, ‘বাবর অসাধারণ। দলে আসার পর থেকেই সে আমাদের মতো বিদেশি ক্রিকেটারদের খুব স্বাগত জানিয়েছে। আজ নেটেও তার সঙ্গে ব্যাটিং করার সুযোগ হয়েছে।’
এছাড়া এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন লিগ, নতুন দল সবকিছু মানিয়ে নেওয়া সহজ হয় না। কিন্তু বাবরের আচরণে সেই জড়তাটা নাকি একেবারেই থাকছে না।
এছাড়া হার্ডি আরও বলেন, ‘তার মতো মানের একজন ক্রিকেটারের সঙ্গে কাজ করা, তার কাছ থেকে শেখা এটা দারুণ একটা অভিজ্ঞতা।’
তবে শুধু ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও বাবরকে বেশ উঁচু জায়গায় রাখছেন এই অজি অলরাউন্ডার। তার ভাষায়, ‘তার অধিনায়কত্ব নিজেই কথা বলে। সে খুবই পরিণত একজন। খেলাটা সে অনেক ভালো বোঝে।’
পুরো আসর জুড়েই বাবরকে দলের ভরসা হিসেবে দেখছেন হার্ডি, ‘সে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। পুরো টুর্নামেন্ট জুড়েই সে আমাদের জন্য শান্ত মাথার একজন নেতা হবে, যার ওপর আমরা নির্ভর করতে পারব।’

এছাড়া তিনি বলেন,‘ দর্শক না থাকাটা সত্যিই খারাপ লাগে। আমরা আশা করছি, টুর্নামেন্ট এগোলে হয়তো দর্শকরা ফিরবে। আমরা ক্রিকেটাররা মাঠে দর্শকদের খুব পছন্দ করি। তারা খেলায় আলাদা একটা শক্তি নিয়ে আসে।’
তবে এটাও পরিষ্কার করে দিয়েছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন,‘ আমরা সবাই পেশাদার। দর্শক থাকুক বা না থাকুক, আমরা মাঠে নামব এবং শতভাগ দিয়ে খেলব। এটা আমাদের কাজের ধরন বদলায় না।’
সব মিলিয়ে পেশোয়ার জালমির ভেতরে এখন একটা আত্মবিশ্বাস কাজ করছে। অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব, ভারসাম্যপূর্ণ দল, আর নতুনদের উদ্যম সব মিলিয়ে ভালো কিছুর আশা করছে তারা। এখন দেখার বিষয়, মাঠে সেই আত্মবিশ্বাস কতটা কাজে লাগাতে পারে জালমি। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে কথা কম, পারফরম্যান্সই শেষ কথা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















