ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাওহীদ হৃদয়ের দল। পারভেজ হোসেন ইমনের হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত ১৬০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে টাইগারদের।
পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন আফগান লেগ স্পিনার রাশিদ খান। তাঁর ঘূর্ণিতে ৪১.২ ওভারে ১৬০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে আলিস আল ইসলামকে ফিরিয়ে দেন রাশিদ। লেগ স্পিনারের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন অভিষিক্ত এই ব্যাটসম্যান। দ্বিতীয় চেষ্টায় ক্যাচটি তালুবন্দী করেন মোহাম্মাদ নবি। ১০ বল খেলে কোনো রান করতে পারেননি আলিস।
পরের বলেই বোল্ড হয়ে যান মুস্তাফিজুর রহমান। রাশিদের বলে উইকেট হারিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি। বাংলাদেশের ইনিংসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে আউট হন মুস্তাফিজ।
বল হাতে আফগানিস্তানের সবচেয়ে সফল বোলার রাশিদ খান। ৩১ রান খরচায় চার উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। এ ছাড়া ইয়ামিন আহমাদজাই ও আজমাতউল্লাহ ওমারজাই দুটি করে উইকেট পেয়েছেন।
ব্যাটিংয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে না পারায় এখন বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে থামাতে হবে টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১.২ ওভারে ১৬০/১০।




