ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
সেই ম্যাচের জন্য আজ (শনিবার) স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবির নির্বাচক প্যানেল। তবে ঘোষিত বাংলাদেশ ওয়ানডে দলে বড় কোনো চমক নেই। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজের দলে থাকা সব ক্রিকেটারই আছেন কিউই সিরিজের স্কোয়াডে।
ফলে কারও বাদ পড়া কিংবা নতুন করে যুক্ত হওয়ার ঘটনা ঘটেনি। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের রেখে কিউই সিরিজের স্কোয়াড সাজানো হয়েছে। এ ছাড়া যথারীতি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরাও আছেন দলে।
তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।
ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই লড়াই। ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুরকে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















