মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ । বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ। সিরিজের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে এই তৃতীয় ওয়ানডে। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
প্রথম দুই ম্যাচে দুই দলই দেখিয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কখনো ব্যাটিং, কখনো বোলিং-দুই দলই ম্যাচে ফিরেছে দাপটের সঙ্গে। ফলে সিরিজ নির্ধারণের লড়াইয়ে শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।
নিজেদের মাঠে খেলতে নামা বাংলাদেশ চাইবে দর্শকদের সামনে সিরিজ জয়ের হাসি হাসতে। ব্যাটিংয়ে টপ অর্ডারের দায়িত্বশীল পারফরম্যান্স এবং বোলিংয়ে নিয়ন্ত্রিত লাইন-লেংথই হতে পারে টাইগারদের সাফল্যের চাবিকাঠি।
অন্যদিকে পাকিস্তানও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও পেস আক্রমণ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে তাদের। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডে এখন শুধুই আরেকটি ম্যাচ নয়, বরং সিরিজ জয়ের লড়াইয়ে এক অলিখিত ফাইনাল। মাঠের লড়াই শেষে কে হাসবে শেষ হাসি-বাংলাদেশ নাকি পাকিস্তান-সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত বাংলাদেশ:
টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে ব্যর্থ হলেও টিকে গেছেন সাইফ হাসান। নতুন বলে কার্যকর না হলেও জায়গা ধরে রেখেছেন তাসকিন আহমেদ। এই ম্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলে সিরিজ হারের লজ্জা পেতে হবে টাইগারদের। দুই এখন এখন পর্যন্ত ৪১ ওয়ানডে মুখোমুখি হয়েছে। সেখানে বাংলাদেশ জিতেছে ৬ ম্যাচে আর পাকিস্তানের জয় ৩৫।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
