অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ । মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু চায় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু সকাল ১১টায়।
এই সিরিজ দিয়ে দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ওয়ানডে খেলতে নামছে টিম বাংলাদেশ। এর আগে সবশেষ ২০১১ সালে ঘরের মাঠে অসিদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে খেলেছিল টাইগাররা। তিন ম্যাচের ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
তবে পরিসংখ্যান বলছে, ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ। ২২বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। সেই জয়ও এসেছিল ২১ বছর আগে। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্ডিফে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

ছয় মাসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের যোগ্যতা প্রমাণেরও সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি এই সিরিজকে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টাইগাররা।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ দেখা হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। মিডল অর্ডার ব্যাটার মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩০৭ রানের টার্গেট স্পর্শ করে জয় পায় অসিরা। ১৩২ বলে অনবদ্য ১৭৭ রান করেছিলেন মার্শ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শান্তর সামনে বিশেষ অর্জন
নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে সদ্য পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত মাইলফলকের ওয়ানডেতে ২ হাজার রানের ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এজন্য ৮৬ রান দরকার তার।
অন্যদিকে অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা ২শ উইকেট থেকে তিনটি দূরে রয়েছেন। তাহলেই অস্ট্রেলিয়ার সপ্তম বোলার হিসেবে ওয়ানডেতে ২শ উইকেট শিকারের মালিক হবেন তিনি।
জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার মতোই বাইরে আছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
ওয়ানডেতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার লিয়াম স্কটের। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের পর প্রথমবার ওয়ানডেতে ওপেনিংয়ে নামবেন কুপার কনোলি। বিশেষজ্ঞ স্পিনার একজনই- অ্যাডাম জ্যাম্পা। প্রয়োজনে স্পিন করতে পারেন ম্যাথু শর্ট, ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেন।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














