নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ, ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে শেষ গ্রুপ ম্যাচে আজ নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

নেপাল, ভারত ও ভুটানকে নিয়ে এই আসরে আগেই ফাইনাল খেলাটা অনেকখানি নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে স্বাগতিক নেপালের কাছে ৮ গোলে হেরে গেলে সেটি সম্ভব হতো না। সেই ম্যাচে পিটার বাটলারের দল স্বাগতিক মেয়েদের পাত্তাই দেয়নি।

একাদশে কিছু পরিবর্তন নিয়েই নামে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই মামনি চাকমার কর্নার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। বক্সের উপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করেন।

সমতায় ফিরতে মরিয়া নেপাল বেশকিছু আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলে। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মারডি ও আলপি আক্তারকে নামান। আলপি নামার পর আবার খেলায় পরিবর্তন আসে। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপির গোলে বাংলাদেশ ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

নেপাল দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি। আলপি কাউন্টার অ্যাটাক থেকে দারুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ান (৩-০)। এরপর বাংলাদেশ আরেক গোল করলে ব্যবধান ৪-০ হয়। ম্যাচের অন্তিম মুহুর্তে নেপাল দশ জনের দলে পরিণত হয়। বক্সের একটু সামনে আলপির নেয়া ফ্রি কিক নেপাল গোলরক্ষক দারুণভাবে সেভ করায় হ্যাটট্রিক মিস হয় তার।

ভারতকে গ্রুপ পর্বে একবার হারিয়েছে বাংলাদেশের মেয়েরা, ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ-১৯ দল তিন ম্যাচে ১৮ গোল করলেও কোনো গোল হজম করেনি। ৭ ফেব্রুয়ারি ফাইনালে প্রতিপক্ষ ভারত। রাউন্ড রবিন লিগে ভারতের বিপক্ষেও ২-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচে বাংলাদেশ নয় পয়েন্ট নিয়ে শীর্ষে। ভারত ছয় পয়েন্টে দ্বিতীয় হিসেবে ফাইনালে উঠেছে। আজ দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠে।

Exit mobile version