অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ দুবাইয়ে অনুষ্ঠিত সেমিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় বাংলাদেশের যুবারা। অপর সেমিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণেই হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশ যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন বাসির। ৩৭ বলে ১ চার, ১ ছয়ে সেই রান করেন তিনি।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ২৬ বলে ১ চার, ১ ছয়ে ২০। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ডানহাতি পেসার আব্দুল সুবহান ৬ ওভার বোলিং করে ১ মেডেনে ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট নেন হুজাইফা আহসান।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারানো পাকিস্তানের যুবারা দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে। শেষ পর্যন্ত মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেটে ১২২ রান তুলে জয় ছিনিয়ে নেয়। ওপেনার সামির মিনহাস ৫৭ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া উসমান খান ২৬ বলে ২ চার, ২ ছয়ে করেন ২৭।

বৃষ্টি বিঘ্নিত অপর সেমিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত অনূর্ধ্ব-১৯। ২০ ওভারের ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৮ উইকেটে ১৩৮ রান। চামিকা হিনাটিগালা ৩৮ বলে ৩ চারে ৪২, বিমথ দিনসারা ২৯ বলে ৪ চারে ৩২ এবং সেথমিকা সেনিভিরত্নে ২২ বলে ২ চার, ১ ছয়ে ৩০ রান করেন।
ভারতের পক্ষে হেনিল প্যাটেল ও কনিষ্ক চৌহান দুটি করে উইকেট নেন। জবাবে ভারতের যুবারা ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর অ্যারন জর্জ ও বিহান মালহোত্রা জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
অ্যারন ৪৯ বলে ৪ চার, ১ ছয়ে ৫৮ ও বিহান ৪৫ বলে ৪ চার, ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। ১৮ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তুলে জয় পায় ভারতের যুবারা। ২১ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















