পাকিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো বাংলাদেশের ক্রিকেটে। রবিবার মিরপুরে রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১১ রানে জিতেছে টাইগাররা। তানজিদের দুর্দান্ত সেঞ্চুরির পর তাসকিন-মোস্তাফিজদের আত্মবিশ্বাসী বোলিংয়ে শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেরা হয়েছেন পেসার নাহিদ রানা। আর শেষ ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। টানা টানা উত্তেজনাপূর্ণ ম্যাচের পর সিরিজ জয়ের উল্লাস করেছে বাংলাদেশ। তবে লাল-সবুজ রঙে রাঙানো ট্রফি নিতে উদযাপন চলল। এই জয়ের আনন্দে বাড়তি উচ্ছ্বাসের উপলক্ষ হয়ে এলো আইসিসি র্যাংকিংয়ের উন্নতি খবর।
আগামী বছরের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইনি্ডজকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে।
আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল স্রেফ ১। এবার পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যান মিরাজরা।
শেষ ম্যাচে রোববার মিরপুরে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১১ রানের জয়ে সিরিজ জয়ের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭।
সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২। আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাংকিংয়ে ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাংকিংয়ে অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
