এশিয়ান কাপ খেলতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান কাপ খেলতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান কাপ খেলতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা, ছবি : সংগৃহীত

গৌরবময় এক অধ্যায়ের সূচনায় অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রওনা হয়ে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেন তারা। বিমানবন্দরে সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা টিমকে অর্ভ্যথনা জানায়।

আগামী ১ মার্চ শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় চলবে নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশ নারী ফুটবল দল ‘বি’ গ্রুপে খেলবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। এর মধ্যে চীন ৯ বার ও উত্তর কোরিয়া ৩ বার শিরোপাজয়ী দল। উজবেকিস্তানও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। তাই বাংলাদেশের মেয়েদের জন্য এই মিশন বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

ঢাকা ত্যাগ করার পর থাইল্যান্ডে কয়েক ঘণ্টা যাত্রা বিরতি শেষে আজ অস্ট্রেলিয়ান সময় রাত দশটায় সিডনি পৌঁছায় বাংলাদেশ দল। নতুন এই চ্যালেঞ্জে নামার আগে বাংলাদেশের মেয়েরা তেমন আদর্শিক প্রস্তুতি সারতে পারেনি। সেজন্য দেশ ছাড়ার আগে প্রধান কোচ পিটার বাটলার বেশ ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রস্তুতি ঘাটতিই বড় চিন্তা আফঈদাদের, ছবি : সংগৃহীত

অবশ্য আগেভাগে অস্ট্রেলিয়া গিয়ে কিছুটা হলেও সেই ঘাটতি পুষিয়ে ওঠার সুযোগ পাবেন বাটলার। কারণ, স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। পহেলা মার্চ নারী এশিয়ান কাপ শুরু হবে। এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। তাই আফঈদা খন্দকাররা রাত সাড়ে বারোটার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।

আগামীকাল অস্ট্রেলিয়া সময় সকাল নয়টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ চীনের বিপক্ষে। গ্রুপ পর্যায়ের বাংলাদেশের দুই ম্যাচ সিডনিতে। ৬ মার্চ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলে পরের দিন দুপুরে পার্থের উদ্দেশ্যে রওনা হবেন ঋতুপর্ণারা।

বাংলাদেশ নারী দলের লক্ষ্য

বাংলাদেশ পুরুষ ফুটবল ১৯৮০ সালে কুয়েত এশিয়া কাপে প্রথম ও সর্বশেষ অংশ নিয়েছিল। এরপর আর কখনো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেনি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়া কাপে খেলছে। এই টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক।

গ্রুপ পর্বে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি জেতা। ম্যাচটি জিততে পারলে সরাসরি অলিম্পিকসে খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। প্রতিযোগিতার সেরা ছয় দলের মধ্যে থাকলে খোলা থাকবে পরের নারী বিশ্বকাপে খেলার দুয়ার।

দেশ ছাড়ার আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনে গিয়েছিলেন আফঈদারা, ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ। এই গৌরবময় মুহূর্তে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে ঢাকায় অস্ট্রেলিয়া হাই কমিশনে আমন্ত্রণ জানানো হয়। অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ নারী দলকে এশিয়া কাপের জন্য শুভকামনা জানায়।

Exit mobile version