পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিল বাংলাদেশ

ওপেনার তানজিদের অনবদ্য সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। তানজিদের ১০৭ বলে ১০৭ রানের ইনিংস উপহার দেন। এদিন দলের হয়ে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম।

শুরুটা দারুণ হয় বাংলাদেশের। সাইফ এবং তানজিদের ওপেনিং জুটিতে এসেছে ১০৫ রান। ৫৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তাকে ফেরান শাহীন শাহ আফ্রিদি। তিনে নেমে তানজিদের সাথে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দলের বোর্ডে। নিজে ছুঁয়েছেন তানজিদ ফিফটি। আরেক প্রান্তে শান্তও ছিলেন দারুণ সাবলীল। ভালো শুরু পেলেও শান্তর ইনিংস লম্বা হয়নি বেশি। ৩৪ বলে ২৭ রান করে দলের ১৫৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে বিদায় করেছেন হারিস রউফ।

এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তানজিদ। চারে নেমে তার সাথে যোগ দিয়েছেন লিটন দাস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন তানজিদ। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চলে যান সেঞ্চুরির খুব কাছেও।

শেষ পর্যন্ত স্বপ্নের তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন তানজিদ তামিম। দলের ১৯৪ রানের মাথাতে আউট হওয়ার আগে ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তানজিদ।

তাকে সাজঘরে ফিরিয়েছেন আবরার আহমেদ। তানজিদের বিদায়ের পর লিটন দাসের সাথে জুটি গড়েন তাওহিদ হৃদয়। শুরুতে দেখেশুনে এগিয়েছেন হৃদয়। লিটনও ছিলেন সাবধানী। ধীরে ধীরে হাত খুলে মারতে শুরু করেছেন হৃদয় এবং লিটন।

দারুণ সব বাউন্ডারিতে দলের বোর্ডে রানও উঠেছে। ৩০০ রানের সম্ভাবনা তখনও টিকে ছিল। ৫১ বলে ৪১ রান করা লিটন থামেন দলের ২৬২ রানের মাথাতে, ফিফটির সুযোগ থাকলেও তা ছুঁতে পারেননি। পরের বলেই বিদায় নেন রিশাদ হোসেন, মেরেছেন গোল্ডেন ডাক। দুজনকেই ফিরিয়েছেন হারিস রউফ।

শেষ দিকে হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব দলের হাল ধরেছেন। ক্রিজে জমে যাওয়া হৃদয় দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন বেশ কিছু বাউন্ডারিও। দ্রুত তুলেছেন রান। ৪৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে বাংলাদেশ।

৩০০ করতে হলে শেষ ২ ওভারে দরকার ছিল ২৩ রান। তবে শেষ ২ ওভারে এসেছে ১৩ রান। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৮ বলে ৫ রান করে টিকে ছিলেন আফিফ হোসেন ধ্রুব। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়। 

পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন হারিস রউফ। ১টি করে উইকেট নেন আবরার আহমেদ এবং শাহীন শাহ আফ্রিদি। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ৫০ ওভারে ২৯০/৫

Exit mobile version