এশিয়া কাপ আর্চারিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতকে হারানো ভিয়েতনাম। বুধবার জমজমাট লড়াইয়ে ভুটানকে হারিয়ে আর্চারি এশিয়া কাপ কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
যেখানে সেমি-ফাইনালের এই জয়ে পদকও নিশ্চিত হয়ে গেছে দলের। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের সেমি-ফাইনালে বুধবার ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারায় বাংলাদেশ।
দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। শুরুর তিন সেটে ৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬ স্কোরে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে ৫৭-৫৬ স্কোরে জিতলেও ভুটানের জন্য তা যথেষ্ট ছিল না।
এবার সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে ১৩৪-১৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
