আর মাত্র ৪ দিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের জন্য আজ অনলাইনে ও সরাসরি টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। এবারের খেলা দেখতে সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ করতে হবে ক্রীড়াপ্রেমীদের। এছাড়া খেলা দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।
আগামী ৮ মার্চ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে ১১, ১৩ ও ১৫ মার্চ খেলেবে তিনটি ওয়ানডে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আইসিসি র্যাঙ্কিংয়ে অন্তত ৯ নম্বরে থাকতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ের সময় সেই অবস্থানে থাকতে হবে।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য
তাই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি জিততে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ। মিরপুরে তাই নামবে দর্শকদের ঢল। সাধারণ দর্শকরা অনলাইনে কাটতে পারবেন টিকিট। বিসিবি টিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকা ধরা হয়েছে নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য।
ক্লাব হাউজের শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের একেকটি টিকিট ১ হাজার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের একেকটি টিকিট ১২০০ টাকা করে ধরা হয়েছে।
এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এর টিকিটের দামও ১ হাজার টাকা করে। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য। এছাড়া টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের দিন পর্যন্ত স্টেডিয়াম সংলগ্ন বুথেও কেনা যাবে।
এই সিরিজের জন্য ইতোমধ্যেই দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। উভয় দলেই অনেকগুলো চমক রয়েছে। সর্বশেষ গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে খেলা ৬ ক্রিকেটার এবার পাকিস্তানের বিপক্ষে নেই। ফিরেছেন চার ক্রিকেটার যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন আফিফ হোসেন ধ্রুবর।
এছাড়া পাকিস্তানও তাদের স্কোয়াডে চমক দেখিয়েছে। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ সফরের জন্য। বাবর আজম, ফখর জামানরা নেই এই দলটিতে।
