মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ । মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে মিরাজরা। ব্যাট হাতে ফিফটি করেছেন তানজিদ হাসান, নাজমুল শান্ত ও মোসাদ্দেক হোসেন।
দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে দারুণ ব্যাট করে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে এদিন শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে দারুণ ব্যাটিংয়ে ৪১ বলে ছয় চার ও এক ছক্কায় ৫০ রান পূর্ণ করেন ওপেনার তানজিদ। তবে ফিফটির পর নিজের ইনিংস বড় করতে পারেনি তানজিদ। ব্যক্তিগত ৫৪ রানে বিদায় নেন তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০৬ রান।
এরপর শান্ত ৫৭ বলে আট বাউন্ডারি ও এক ছক্কায় তুলে নেন ফিফটি। অবশ্য তার আগেই বিদায় নেন লিটন দাস। চারে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ৭ রান করে বিদায় নেন এই উইকেট কিপার ব্যাটার। এরপর নাজমুল হোসেন শান্ত ফিরে যান ব্যক্তিগত ৬৭ রানে। ৮৬ বলে ৯ বাউন্ডারি ও এক ছক্কায় এ রান করেন তিনি। বাংলাদেশের রান তখন ২৫.৩ ওভারে ১৪০ রান।
শুরুর ধাক্কা কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
এরপর তাওহীদ হৃদয়ের সাথে দারুণ জুটি গড়েছেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ দিন পর ফিরে বাংলাদেশকে স্বপ্ন দেখান তিনি। এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার সাইফ হাসানকে হারায় স্বাগতিকরা। ৫ বলে ৫ রান করে বিদায় নেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে এগিয়ে নেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে ৯১ বলে আসে ৯৬ রান। সাইফ হাসানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশ ভালো শুরু পায় শান্ত ও তানজিদের ব্যাটে। তাদের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রান এসেছে দ্রুত।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬২। তবে ব্যাটিংয়ের শুরুতেই ব্যক্তিগত ৯ রানে ন্যাথান এলিসের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে পারলেন না মার্নাস লাবুশেন। নিজের প্রথম ওভারে সাইফ হাসানকে বিদায় করেন এলিস।
পরের ওভারে তিনি পেতে পারতেন শান্তর উইকেট। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি লাবুশেন। আগের বলে বেরিয়ে এসে মিড অন দিয়ে চার মারেন শান্ত। পরের বল জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাক খেলতে পারেননি তিনি। ক্যাচ যায় উইকেটের পেছনে।
ফেরার মঞ্চে দুর্দান্ত মোসাদ্দেক
তবে সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেই অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক হোসেন। ৭০ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় এ রান করেন। এছাড়া তাসকিন আহমেদ ১৬ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করে বিদায় নেন। অস্ট্রেলিয়ার পক্ষে ন্যাথান এলিস ৩টি এছাড়া লিয়াম স্কট ও ম্যাচ রেনশ দুটি করে উইকেট নেন। এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে বাংলাদেশেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ।
