প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে চার রানে হারিয়ে শুরু বাংলাদেশের

নারী রাইজিং স্টারস এশিয়া কাপ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে চার রানে হারিয়ে শুরু বাংলাদেশের

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে চার রানে হারিয়ে শুরু বাংলাদেশের, ছবি : সংগৃহীত

নারী রাইজিং স্টারস এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ ব্যাংককে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ১৯.৫ ওভারে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। অথচ শুরুটা বেশ ভালো ছিল। ৪৮ রানের উদ্বোধনী জুটি হয়েছে ৫.৪ ওভারেই। এরপর শামীমা সুলতানা ১৯ বলে ১ চারে ১৭ রানে আউট হওয়ার পর শুরু হয় ব্যাটিং ধস।

এমন উড়ন্ত সূচনার পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তোলার গতিতেও মন্থরতা আসে। দুর্দান্ত ব্যাট করা ওপেনার ইশমা তানজিম ২৫ বলে ৪ চারে ৩০ রানে আউট হয়ে যান। দলের ভালো অবস্থানের পরও রুবাইয়া হায়দার ২০ বল থেকে মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন।

শুরুতে ব্যাটিং ভালোই করেছে বাংলাদেশের মেয়েরা, ছবি : সংগৃহীত

এতেই বিপদে পড়ে বাংলাদেশের মেয়েরা। এরপর একাই লড়াই চালিয়ে গেছেন শারমিন সুলতানা। তিনি ২৭ বলে ৩ চারে ২৯ রান করলেও ছয় ব্যাটার দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। শেষ ৬টি উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র ১১ রানে।

বাঁহাতি স্পিনার সাচিনি নিসানসালা ৪ ওভারে ১ মেডেনে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া মালশা শিহানি ও সাথিয়া সন্দিপনী দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশি স্পিনারদের দাপট

জবাব দিতে নেমে প্রথম থেকেই তেমন সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। বাংলাদেশের স্পিনাররা নিয়মিত সাফল্য পেয়ে গেছেন। এতে খুব বড় জুটি গড়তে পারেনি লঙ্কান মেয়েরা। শুধু তৃতীয় উইকেটে ২৭ ও ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়ে তারা।

শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান প্রয়োজন পড়ে লঙ্কান মেয়েদের। লেগস্পিনার ফাহিমা খাতুন ৮ রান খরচা করে ১ উইকেট তুলে নেন। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান করতে পেরেছে শ্রীলঙ্কা। হান্সিমা করুনারত্নে ৩১ বরে ৩ চারে ২৬, আসা কাঞ্চনা ৩০ বলে ১ চার, ১ ছয়ে ২৩ ও নিসানসালা ১৮ বলে ২ চারে ২০ রান করেন।

বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২০ রানে ৩টি এবং লতা মণ্ডল ২০ রানে ও ফাহিমা ২৪ রানে দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী ‘এ’ দল- ১১৫/১০; ১৯.৫ ওভার (ইশমা ৩০, শারমিন ২৯, শামীমা ১৭; নিসানসালা ৪/১৪, মালশা ২/১৭, সন্দিপনী ২/২১)।

শ্রীলঙ্কা নারী ‘এ’ দল- ১১১/৯; ২০ ওভার (হান্সিমা ২৬, কাঞ্চনা ২৩, নিসানসালা ২০; সানজিদা ৩/২০, লতা ২/২০, ফাহিমা ২/২৪)।

ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ৪ রানে জয়ী।

ম্যাচসেরা : সানজিদা আক্তার মেঘলা।

Exit mobile version