ইংল্যান্ডে ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও বাছাইপর্ব খেলে এই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। এরই অংশ হিসেবে স্কটল্যান্ডে গিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। যেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল আছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে শক্ত দুই প্রতিপক্ষ রয়েছে। খেলতে হবে সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শক্তিশালী ভারত ও দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান, নেদারল্যান্ডস। ইংল্যান্ডের মাটিতে যেহেতু এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তাই বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।

ইংল্যান্ডের মাটিতে খুব বেশি খেলার সুযোগ হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার নেপালে খেলেছে বাছাইপর্ব। সেখানে আবারও দাপটের সঙ্গে খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগেও বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল আসরে খেলার সুযোগ করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে মূল আসরে গিয়ে তেমন ভালো করতে পারেনি।
অথচ এশিয়া কাপে শিরোপা আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ২০১৮ সালের সেই আসরে ভারতের মতো শক্তিশালী দলকে দুইবার হারিয়েও দিয়েছে। কিন্তু সেই ভারত নারী ক্রিকেট দল এখন অনেকি এগিয়ে গেছে বাংলাদেশের তুলনায়। এমনকি একটা সময় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সঙ্গে শক্তিমত্তায় সমানে-সমান অবস্থা ছিল। এখন সেই শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গেও পেরে ওঠা চ্যালেঞ্জিং হয়ে গেছে।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য পরিকল্পনা
সবমিলিয়ে তাই ইংল্যান্ডের মতো কন্ডিশনে ভালো করতে হলে জোরালো প্রস্তুতির প্রয়োজন। এবার সেই প্রস্তুতি নিয়েই ভাবছে বিসিবির নারী বিভাগ। ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে নারী টি-২০ বিশ্বকাপ। আর সাড়ে তিন মাস বাকি। এর আগেই দলের প্রস্তুতির সার্বিক পরিকল্পনা।
একই ধরণের কন্ডিশনে ম্যাচ খেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে মুহূর্তে স্কটল্যান্ড সফরে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের। স্বাগতিক স্কটল্যান্ড ছাড়াও থাকবে নেদারল্যান্ডস। বিশ্বকাপে ডাচ মেয়েরা বাংলাদেশের গ্রুপেই আছে আর স্কটিশ মেয়েরা খেলবে ‘বি’ গ্রুপে।
সে কারণে ত্রিদেশীয় সিরিজ খেলার মাধ্যমে বেশ ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে বলেই মনে করছে বিসিবি। এছাড়া এপ্রিলে প্রথমবারের মতো হবে নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ আসর। সবমিলিয়ে প্রস্তুতিটা বেশ ভালোই নিতে পারবেন বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জাতীয় দলের নারী ক্রিকেটাররা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















