প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ নারী দল । আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ থামে ১৩২ রানে।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। তবে এরপর দ্বিতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার মিলে ৭৭ রানের জুটি গড়ে ইনিংসকে সামনের দিকে এগিয়ে নেন। এই জুটিতেই কিছুটা হলেও ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের।
জুয়াইরিয়া দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ৩৮ বলে। অন্যপ্রান্তে শারমিন আক্তার ৪০ বলে ২৭ রানে থামেন। এই দুই ব্যাটারের বিদায়ের পর জয়ের জন্য প্রয়োজনীয় গতি আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার চেষ্টা চালালেও তা যথেষ্ট হয়নি। জ্যোতি ১৯ রান করেন, স্বর্ণা যোগ করেন ১২ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো করতে পারেনি আইরিশরা। প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। অ্যামি হান্টার ১৯ রানে আউট হন, আর আলানা ডালজেল কোনো রানই করতে পারেননি।
তবে মাঝের ওভারে রেবেকা স্টোকেল ৩০ রানের ইনিংস খেলে স্কোরবোর্ডে কিছুটা গতি আনেন। শেষদিকে ১১ নম্বরে নেমে ৮ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন আভা ক্যানিন। তার ক্যামিওতে আয়ারল্যান্ড লড়াকু সংগ্রহ গড়ে তোলে।
বাংলাদেশের বোলাররা শুরুতে ভালো করলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে ১৪৩ রানের আগে থামাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জবাবে ব্যাটিংয়ের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।
