অভিমানে মুমিনুল বললেন, বাংলাদেশে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না

বাংলাদেশে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না: মুমিনুল

বাংলাদেশে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না বলে মন্তব্য করেছেন মুমিনুল হক। টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক সৌরভ। কিন্তু সাদা বলের ক্রিকেটে বাত্য হয়ে ওঠা মুমিনুলকে সাধারণত লাল বলেই খেলতে দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারে শেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। ‘কেবল টেস্ট খেলোয়াড়’তকমা যেন সেঁটে গেছে তার নামের পাশে।

এবার এনিয়ে ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে হাতছাড়া করলেন না তিনি। পাকিস্তান সিরিজের আগে দেশের দুই ভেন্যুতে শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। আর এই প্রতিযোগিতায় ইস্ট জোনের হয়ে খেলছেন মুমিনুল।

প্রথম ওয়ানডেতে নর্থ জোনের বিপক্ষে তার দল হারলেও এই ব্যাটার ছিলেন উজ্জ্বল। মুমিনুল এদিন ব্যাট হাতে করেন ৮৩ রান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশে কেউ টেস্ট ক্রিকেটার হওয়া মানে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে।

দেশের হয়ে ৩৪টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচের বিপরীতে মুমিনুল টেস্ট খেলেছেন ৭৫টি। সাদা পোশাকে দারুণ খেললেও রঙিন পোশাকে নিজেকে প্রমাণের কোনো সুযোগই পান না। কারণ তার পরিচয় এখন ‘কেবল টেস্ট ক্রিকেটার’।

টেস্ট ক্রিকেট নিয়ে মুমিনুল বললেন, ‘ভবিষ্যতে এমন প্রশ্ন আসতে পারে যে আপনি টেস্ট ক্রিকেটারদের জন্য কী বলবেন। আমি তো বলব যে বাংলাদেশে কোনো টেস্ট ক্রিকেটার তৈরি হওয়া উচিত না। এরকম অবস্থা হলে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না। কারণ আপনি সাদা বলের কোনো খেলা খেলতে পারছেন না।’

এছাড়া তিনি বলেন,‘ দেখেন আপনি ওয়ানডে খেলান বা না খেলান, সেটা পরের কথা। একটা ক্রিকেটারের পারফরম্যান্সের ভিতের ওপরে খেলাতে পারবেন। তার মানে এই না যে ওকে এরকম টুর্নামেন্টে, ঘরোয়া যেসব টুর্নামেন্ট রয়েছে, ওখানে অন্তত সুযোগ দেওয়া উচিত।’

বাংলাদেশের ক্রিকেট এভাবে চলতে থাকলে টেস্ট ক্রিকেটার পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে মনে করেন মুমিনুল, ‘ওকে যদি আপনি সারাদিন তৈরি করেন লাল বলের জন্য। তখন লাল বলের জন্য এটা খারাপ উদাহরণ হবে। আপনারা সবাই বলেন যে সবার একটা টেস্ট খেলার স্বপ্ন থাকে ছোটবেলা থেকে। ওই টেস্ট খেলার স্বপ্নটা তখন আর কারোর থাকবে না।’

Exit mobile version