বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তা ও অসাধারণ লড়াকু মানসিকতায় মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে শুরুতে বিপর্যয়ে পড়েও যেভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ, তাতে প্রশংসা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন করুণারত্নে। তিনি লেখেন, গত কয়েক বছরে বাংলাদেশ দুর্দান্ত টেস্ট ক্রিকেট খেলছে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ৩২৭ রানে ৬ উইকেট নিয়ে দিন শেষ করা ছিল অসাধারণ প্রত্যাবর্তন। এই পারফরম্যান্স বাংলাদেশকে ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে গেছে।

বিশ্ব টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে বাংলাদেশের এমন লড়াইকে বিশেষভাবে দেখছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। তাঁর মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের আত্মবিশ্বাস ও দৃঢ়তা প্রশংসার দাবি রাখে। করুণারত্নে আরও লেখেন, ‘বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ যেভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, তা সত্যিই দারুণ। তাদের মানসিকতা ও দৃঢ়তা দেখে ভালো লাগছে।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দল। তবে সেখান থেকে তানজিদ হাসান ও তাওহীদ হৃদয় পরিস্থিতি সামাল দেন। পরে হৃদয় ও লিটন দাসের ব্যাটে গড়ে ওঠে ২০৬ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের চিত্রই বদলে দেয়।

হৃদয় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিনের শেষ বলে আউট হন। অন্যদিকে, লিটন দাস ৯২ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়ে দলটি।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দলটির আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাচ্ছে। জোহানেসবার্গে বাংলাদেশের এমন পারফরম্যান্স শুধু সমর্থকদেরই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক তারকাদেরও নজর কেড়েছে। করুণারত্নের প্রশংসা তারই আরেকটি প্রমাণ।

spot_imgspot_img
spot_img

Related Articles