চাইনিজ তাইপের বিপক্ষে কষ্টার্জিত জয় বাংলাদেশের

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের ১ম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের ১ম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেই গেমসে হকির বাছাই শুরু হয়েছে থাইল্যান্ডে। সেখানে দুর্দান্ত এক জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। একটি করে গোল আসে আমিরুল ইসলাম ও দ্বীন ইসলাম ইমন – এর স্টিক থেকে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের জন্য। খেলার চতুর্থ মিনিটেই তাইপের চি হুসান ফিল্ড গোল করে তার দলকে এগিয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়লেও ধীরে ধীরে খেলায় ফিরে আসে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল নিখুঁত হিটে বাংলাদেশকে সমতায় ফেরান।

দ্বিতীয় কোয়ার্টারে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। কোয়ার্টারের পাঁচ মিনিটের মাথায় আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। তার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের হিটে ব্যবধান দাঁড়ায় ৩-১। আমিরুল এর আগেও যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন। জাতীয় দলেও তার সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। এই কোয়ার্টারে বাংলাদেশ আরও কয়েকটি পেনাল্টি কর্নার পায়। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আমিরুল ইসলাম।

নাটকীয়তায় ভরপুর চতুর্থ কোয়ার্টার

চতুর্থ কোয়ার্টার ছিল নাটকীয়তায় ভরপুর। শুরুতেই টানা তিনটি পেনাল্টি কর্নার পেয়ে চাপ তৈরি করে চাইনিজ তাইপে। তবে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে সেই চাপ সামলে নেয়। ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৪-১ করেন। মনে হচ্ছিল বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার মাত্র।

এরপরই নাটকীয় মোড় নেয় ম্যাচ। একই মিনিটে চি হুসান আরেকটি গোল করে ব্যবধান কমিয়ে ৪-২ করেন। মাত্র ১৪ সেকেন্ড পর পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে তাইপে। ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-৩। শেষ মুহূর্তে তীব্র চাপের মুখে পড়ে বাংলাদেশ।

তবে শেষ ৫০ সেকেন্ড চীনের প্রাচীর হয়ে ওঠে বাংলাদেশের রক্ষণভাগ। সতর্কতার সঙ্গে প্রতিপক্ষের প্রতিটি আক্রমণেই রুখে দেয়।

উল্লেখ্য, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে এবং সেমিফাইনালে ওঠা চার দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এর আগে এই বাছাই টুর্নামেন্টে একাধিকবার শিরোপা জিতেছে।

বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে, যেখানে জয় পেলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাবে দল।

অংশ নিচ্ছে কয়টি দল?

২ থেকে ১০ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া ‘মেন্স এশিয়ান গেমস বাছাই’ হকিতে ৯টি অংশ নিয়েছে। ‘পুল-এ’ আছে ওমান, হংকং, থাইল্যান্ড, কাজাখস্তান ও ইন্দোনেশিয়া। ‘পুল-বি’ তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।

Exit mobile version