গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সোবহানা মোস্তারি। ব্যাট হাতে জ্বলজ্বলে পারফরম্যান্স করেছেন তিনি। তাই আইসিসির জানুয়ারি মাসের সেরা হওয়ার দৌড়ে ঠাঁই পেয়েছেন মোস্তারি। তিন জনের তালিকায় নাম আছে তার।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) আজ জানুয়ারি মাসের সেরাদের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। সংক্ষিপ্ত এ তালিকায় পারফরম্যান অনুসারে তিন জনকে রাখা হয়। এবার ছেলেদের ক্রিকেটে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও ভারতের সূর্যকুমার যাদব।
আর নারীদের মধ্যে মাস সেরা হওয়ার লড়াইয়ে আছেন সোবহানা মোস্তারি, আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস। দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির জানুয়ারির সেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি এই মিডলঅর্ডার ব্যাটার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন সোবহানা মোস্তারি। নেপালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সোবহানা। সেখানে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। সেই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরিরও দেখা পান তিনি।
থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও ৯টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে মোস্তারি করেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রেখে কার্যকর ইনিংস খেলেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারকে হাতছানি দিচ্ছে এই স্বীকৃতি ।
প্রতিদ্বন্দ্বীদের জানুয়ারি মাসের পারফরম্যান্স
বিশ্বকাপ বাছাইয়েই আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলকে বিশ্বকাপের মূল পর্বেও নিয়ে গেছেন গ্যাবি লুইস। ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে গত মাসে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লুইস। সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।
দুই ব্যাটারের পাশাপাশি একমাত্র বোলার হিসেবে মনোনয়ন পেয়েছেন টারা নরিস। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। অবশ্য এর মধ্যে জানুয়ারি মাসে ৬ ম্যাচে ১১ উইকেট আছে নরিসের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















