মায়োর্কাকে হারিয়ে আবার ব্যবধান বাড়াল বার্সেলোনা

লা লিগা

লা লিগায় লামিনে ইয়ামালের আরও একটা গোল, বার্সেলোনার আরও একটা সহজ জয়। শনিবার লা লিগায় নিজেদের মাঠের খেলায় বার্সেলোনা মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে। ইয়ামালের পাশাপাশি গোল করেছেন রবার্ট লেফানদোভস্কি ও মার্ক বার্নাল।

এ জয়ের ফলে বার্সেলোনা আবার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেল। ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৮। রিয়াল মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৫৪ পয়েন্ট। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। আজ রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে। এ ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেলে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে পার্থক্য আবার এক পয়েন্টে চলে আসবে।

মায়োর্কার বিপক্ষে সহজ জয় পেলেও শুরুটা মোটেও স্বস্তির ছিল না বার্সেলোনার। কেননা একের পর এক আক্রমণ সফরকারী দলটি সাফল্যের সঙ্গে রুখে দিচ্ছিল। ফলে বার্সেলোনার সমর্থকদের অস্বস্তি বেড়ে চলেছিল। শেষ পর্যন্ত ২৯ মিনিটে রবার্ট লেফানদোভস্কি গোল করে বার্সালোনার সমর্থকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনেন। প্রথমার্ধে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় বার্সা সমর্থকদের।

দ্বিতীয়ার্ধে লামিয়ে ইয়ামাল স্কোরশিটে নাম লেখান। দর্শনীয় এক গোল করেন তিনি। ৬১ মিনিটে তার এ গোলের কিছু সময় পর বার্সেলোনা কোচ তাকেসহ লেফানদোভস্কি মাঠ থেকে তুলে নেন। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে আসা একজন ছিলেন মার্ক বার্নাল। ৮৩ মিনিটে তিনি বার্সেলোনার হয়ে তৃতীয় ও শেষ গোল করেন।

Exit mobile version