বার্সেলোনার নারী দলের শিরোপা জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ট্রফি নিয়ে বার্সেলোনার খেলোয়াড়রা

বার্সেলোনার পুরুষ ফুটবল দল এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দর্শক আসনে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবে তাদের নারী দল ঠিকই ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। অলিম্পিক লিওকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে তারা। শনিবার অসলোতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ছয় বছরে বার্সেলোনার এটি চতুর্থ শিরোপা।

ফাইনাল ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। পাজোর ও সালমা পারালুয়েলো দুটি করে গোল করেন। পাজোর ৫৫ ও ৬৯ মিনিটে এবং পারালুয়েলো ৯০ ও ৯৩ মিনিটে গোল দুটো করেন।

বড় হতে পারতো ব্যবধান

বার্সেলোনার জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারতো। দ্বিতীয়ার্ধে জোড়া গোলের আগে তিনি গোলের সহজ দুটো সুযোগ নষ্ট করেন। তবে দ্বিতীয়ার্ধে আর সেই ভুল করেননি। তার জোড়া গোলেই বার্সেলোনার জয় নিশ্চিত হয়ে যায়। সে সঙ্গে নিশ্চিত হয় হারানো শিরোপা পুনরুদ্ধারের। গত মৌসুমে আর্সেনালের কাছে হেরে তারা শিরোপা হারিয়েছিল।

গোলের পর সতীর্থদের কোলে পাজোর

দুই গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণে খুব একটা মনোযোগী ছিল না বার্সেলোনা। তবে ম্যাচের শেষ সময়ে আবার জোড়া আঘাত হানে দলটি। ৯০ মিনিটের সময় অসাধারণ এক গোল করেন পারালুয়েলো। তার করা দ্বিতীয় গোলটির রূপকার ছিলে পাজোর। প্রতি আক্রমণ থেকে গোলটি করেন তিনি।

টানা পাঁচ শিরোপা লিও’র

নারী চ্যাম্পিয়ন্স লিগে লিও’র রয়েছে একচ্ছত্র আধিপত্র। সবচেয়ে বেশি শিরোপা তাদের। আটবার চ্যাম্পিয়ন তারা। ২০১১ সালে প্রথমবার শিরোপা জয় করে দলটি। তারপর একের পর এক শিরোপা জয় করে। হ্যাটট্রিক শিরোপাও রয়েছে তাদের। শুধু তাই নয়, টানা পাঁচ শিরোপা জয় করেছে দলটি। ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এর মাঝে বার্সেলোনা হঠাৎ করে শিরোপায় ভাগ বসাতে শুরু করে। ছয় বছরের মধ্যে চারবারই বার্সেলোনা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এর মাঝে লিও মাত্র একবারই শিরোপা জয় করে। বাকি একবার আর্সেনাল।

লক্ষ্য ছিল নবম শিরোপা

এবার লিও’র লক্ষ্য ছিল রেকর্ড নবম শিরোপা জয়ের। সে লক্ষ্য অর্জনের শেষ ধাপেও পৌঁছেছিল দলটি। সমর্থকদেরও প্রত্যাশা ছিল তুঙ্গে। ফলে ম্যাচ শুরুর আগে দলকে দারুণভাবে উজ্জ্বীবিত করেছিল দলটি। কিন্তু ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস আর থাকেনি। একের পর এক গোল হজমে সব উচ্ছ্বাস উবে যায়। তবে প্রথমার্ধে বার্সেলোনার তুলনায় তারা ভালো খেলেছে, বেশি সুযোগও তৈরি করেছে।

Exit mobile version