জয়ের পরও বিদায় বার্সেলোনার

কোপা দেল রে

কোপা দেল রে’র সেমিফাইনালের মঙ্গলবার নিজেদের মাঠে ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তারপরও টুর্নামেন্টের ফাইনালে খেলা হচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। কেননা ৪-৩ গোল গড়ে তাদেরকে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথম লেগের খেলায় আতলেতিকো মাদ্রিদ ৪-০ গোলে জয় পেয়েছিল। ফলে দুই লেগ মিলে আতলেতিকো ৪-৩ গোলে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে।

আগামী ১৮ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। রিয়াল সোসিয়েদাদ ও আথলেতিক বিলবাও প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে রয়েছে। লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদ এক পা এগিয়ে। সেমিফাইনালের প্রথম লেগে তারা ১-০ গোলে এগিয়ে রয়েছে। আজ ফিরতি লেগের খেলা নিজেদের মাঠে খেলবে সোসিয়েদাদ।

দুভার্গ্য বার্সেলোনার। প্রথমার্ধে দুই গোল করলেও দ্বিতীয়ার্ধে এক গোলের বেশি তারা করতে পারেনি। মার্ক বের্নাল জোড়া গোল করেন। উভয়ার্ধে একটি করে গোল তার। প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টিতে এক গোল করেন রাফিনহা।

বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশ বার্সেলোনার খেলোয়াড়রা

ম্যাচ শেষ হওয়ার ১৮ মিনিট আগে অর্থাৎ ৭২ মিনিটে মার্ক বের্নাল দ্বিতীয় গোল করেন। তার এ গোলের সুবাদে ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। বার্সেলোনার সমর্থকরা আশার আলো দেখতে পায়। স্বপ্ন দেখতে শুরু করে। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ পায়নি।

ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসো বলেন, আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের সেরা খেলা ছিল না। তবে ম্যাচটি মূলত ছিল ১৮০ মিনিটের। তারা তাদের মতো করে সবরকম চেষ্টা করেছে। কিন্তু আমরা জানতাম ফিরে আসা তাদের জন্য মোটেও সহজ হবে। যাহোক শেষ পর্যন্ত আমরা ফাইনালে খেলছি।

ম্যাচটি যে সহজ হবে তা বার্সেলোনার খেলোয়াড়রাও জানতেন। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন বার্সেলোনার রাফিনহা। তিনি বলেন, আমরা জানতাম এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আসলে ৪-০ গোলে পিছিয়ে থাকার পর সে লড়াইয়ে ফিরে আসা মোটেও সহজ কাজ নয়। তবে ছেলেরা যেভাবে লড়াই করেছে তাতে আমি গর্বিত। ম্যাচে যা করা সম্ভব ছিল আমরা শুরু থেকেই তা করার চেষ্টা করেছি। যাহোক শেষ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা ফাইনালে উঠতে পারিনি, সে কারণে আমরা হতাশ। তবে আমাদের ফাইনালে খেলার যোগ্যতা ছিল। কিন্তু আমরা পারিনি।

Exit mobile version