দুঃশ্চিন্তা করার মতো কিছু ঘটেনি। বুন্দেসলিগায় দাপট ঠিকই আছে বায়ার্ন মিউনিখের। তবে সমর্থকদের যে কিছুটা অস্বস্তি ছুঁয়ে যাচ্ছে না তা বলা যাবে না। লিগের শুরুর ১৮ ম্যাচে মাত্র দুটোতে পয়েন্ট ভাগাভাগি করলেও সর্বশেষ দুই ম্যাচে নাজুক অবস্থা শিরোপা প্রত্যাশী দলটির।
আগের ম্যাচ অগসবুর্গের কাছে হেরে যাওয়া বায়ার্ন মিউনিখ শনিবার রাতে হামবুর্গ এসভির সঙ্গে ড্র করেছে। ২-২ গোলে ড্র। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে উভয়ার্ধে বায়ার্ন একটি করে গোল করে। স্বাগতিক দলও প্রতি অর্ধে একটি গোল পায়।
নিজেদের মাঠের খেরায় হামবুর্গ শুরু থেকেই সফরকারী দলকে অস্বস্তিতে রেখেছিল। তারই ধারাবাহিকতায় ৩৪ মিনিটে ফ্যাবিও ভিয়েরা গোল করে হামবুর্গকে এগিয়ে নেন। বিরতির আগেই হ্যারি কেন গোল পরিশোধ করেন। শুধু তাই নয়, বিরতির পরপরই লুইস দিয়াজ বায়ার্ন মিউনিখকে এগিয়ে নেন। ৪৬ মিনিটে তার করা গোলের সাত মিনিট পর স্বাগতিক দল আবার গোল করে।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারালেও এখনো দুঃশ্চিন্তা স্পর্শ করতে পারছে না বায়ার্ন মিউনিখকে। ২০ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট তাদের। সবথেকে কাছে থাকা দল বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৪২। অবশ্য এই ব্যবধানটা তারা কিছুটা হলেও কমিয়ে আনতে পারে। কেননা তারা একটা ম্যাচ কম খেলেছে।
