নাটকীয় জয়ে জার্মান কাপের সেমিফাইনালে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে অনুষ্ঠিত নিজেদের মাঠের খেলায় তারা আরবি লিপজিগকে ২-০ গোলে হারায়। উভয় গোলই হয় দ্বিতীয়ার্ধে। হ্যারি কেন ও লুইস দিয়াজ গোল করেন।
বায়ার্ন মিউনিখের পাশাপাশি ভিএফবি স্টুটগার্ট, বেয়ার লেভারকুজেন ও এসসি ফ্রেইবুর্গও সেমিফাইনালে পৌঁছেছে। আগামী এপ্রিলে সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। আর মে মাসে ফাইনাল।
ভিএফবি স্টুটগার্ট, বেয়ার লেভারকুজেন ও এসসি ফ্রেইবুর্গ আগেই সেমিফাইনালে পৌঁছায়। লেভারকুজেন কোয়ার্টার ফাইনালে সেন্ট পাউলিকে, স্টুটগার্ট হোলস্টেইন কিয়েলকে এবং ফ্রেইবুর্গ হার্থা বিএসসিকে হারিয়েছিল।
জার্মান কাপের সফল দল বায়ার্ন মিউনিখ। দলটি ২০বার শিরোপা জয় করেছে। জার্মান কাপের শিরোপা সংখ্যায় অন্য কোনো দল তাদের ধারেকাছে নেই। দ্বিতীয় স্থানে থাকা ওয়ের্ডার ব্রেমেন শিরোপা জয় করেছে ছয়বার।
সফল দল হলেও গত কয়েক মৌসুম জুড়ে জার্মান কাপের সঙ্গে বায়ার্ন মিউনিখের আড়ি চলছিল। সর্বশেষ তারা ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয় করে। তারপর একবারও তারা শিরোপা জয় করতে পারেনি। এমনকি ফাইনালেও উঠতে পারেনি। ছয় বছরে দলটি এই প্রথম শেষ চারে উঠলো।
শক্তির বিচার বায়ার্ন মিউনিখ থেকে অনেক পেছনে লিপজিপ। ঘরোয়া লিগে তার প্রমাণও তারা দিয়েছে। দুইবারই বড় ব্যবধানে জয় পেয়েছিল। লিগজিগের বিপক্ষে ৬-০ গোলের জয় দিয়ে ঘরোয়া লিগের মিশন শুরু করেছিল বায়ার্ন মিউনিখ। ফিরতি খেলায়ও বড় ব্যবধানে জয় পেয়েছিল বায়ার্ন। ব্যবধান ছিল ৫-১।
লিগে দুইবার অসহায় আত্মসমর্পন করলেও এবারের ম্যাচটি ছিল ভিন্ন। বায়ার্ন মিউনিখের সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল তারা। নিজেদের রক্ষণভাগটা নিশ্চিদ্র করে গড়ে তুলেছিল। ফলে প্রথমার্ধে কোনো গোল পায়নি বায়ার্ন। প্রথম গোলের জন্য তাদেরকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ঘোঁচান হ্যারি কেন। চমৎকার শটে লিপজিগ গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে ফেলেন।
৬৪ মিনিটে হ্যারি কেনের গোলের তিন মিনিট পর লুইস দিয়াজ গোল করে দলের জয় নিশ্চিত করেন। এ গোলের মাঝ দিয়ে হ্যারি কেন জার্মান কাপের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দাবি আরও জোরালো করেছে। ৬ গোল তার।
