নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

বিপিএল শঙ্কার মাঝেই বিসিবির চমক!

এবার ৮ দলের নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির । হঠাৎ নারী বিপিএলে পিছিয়ে যাওয়ার পর এই ঘোষণা দিয়েছে বোর্ড। নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণার পর নারী বিপিএল নিয়ে শঙ্কা রয়েই গেল। বিসিবি উইমেন্স কাপ’ নামের এই নতুন টুর্নামেন্টে আগামী ৫মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা।

প্রথম আয়োজনের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশ গ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।

এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে। এ দিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সেটা পিছিয়ে গেছে।

নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ। পাশাপাশি একই স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুরে ফাইনাল হবে ২১ জুলাই।

নারী ক্রিকেটের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ আগামী এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) প্রথম আসর জুলাই মাসে পিছিয়ে দিল বোর্ড।

এফটিপি বনাম বিসিবির নতুন সূচি:

বিসিবির এমন আকস্মিক সিদ্ধান্তে হতাশায় ডুবছেন ক্রিকেটাররা। গত বুধবার বিসিবি জানায়, তিন দলের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী ৪-১৪ এপ্রিলের পরিবর্তে ১০-২১ জুলাই অনুষ্ঠিত হবে। বগুড়া, চট্টগ্রাম ও ঢাকা-এই তিন ভেন্যুতে বসবে আসরটি। বিসিবির ভাষ্য, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে, যাতে দল গঠন ও বিদেশি খেলোয়াড় নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। তবে নারী ক্রিকেটের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, জুলাইয়ের ওই সময়ে কেবল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই।

আগামী ১৪ মার্চ খেলোয়াড় বাছাইয়ের জন্য ড্রাফট হওয়ার কথা ছিল। এর মাত্র কয়েক দিন আগে এমন সিদ্ধান্তে চরম হতাশ খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ক্লাবগুলোর আপত্তির মুখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ লিগ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সংশ্লিষ্ট সূত্রমতে, নির্ভরযোগ্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনাগ্রহ এবং গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বোর্ডের মধ্যকার অস্থিরতাই এই টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার মূল কারণ।

সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দল। জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএল হলে তা প্রস্তুতির বড় মঞ্চ হতে পারত। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ এবং স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ থাকলেও জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জুলাই পর্যন্ত অলস বসে থাকতে হবে।

Exit mobile version