ভেঙে দেওয়া হলো বিসিবি

অ্যাডহক কমিটির প্রধান তামিম সাথে তিন মন্ত্রীর ছেলে

ভেঙে দেওয়া হলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

নির্বাচনে অনিয়মের অভিযোগে নতুন সরকারের অধীনে পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি নিজেদের প্রতিবেদন জমা দেয় গত ৫ এপ্রিক। সেই প্রতিবেদনের ভিত্তিতে বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিন শুরুতে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরা হয়। এরপর বিসিবির বিষয়ে ই জানানো হয় চূড়ান্ত সিদ্ধান্ত। এ বিষয়ে আইসিসিকেও ইমেইলে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান এনএসসির ক্রীড়া পরিচালক।

এর আগে সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, ‘আপনারা এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে বিসিবি নির্বাচনটিতে কমিটি অনেকগুলো অনিয়ম হয়েছে। আপনারা জানেন এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য ফেডারেশন গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। কোন অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’ এরপর আমিনুল ইসলাম বুলবুলের অধীন ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেইল পাঠিয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।’

এছাড়া নিজেদের গৃহীত সিদ্ধান্ত আইসিসিও মেনে নেবে উল্লেখ করে বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভেতরে থেকেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে।’ এরপরই তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।

রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমদ ও ফাহিম সিনহা।

তামিমসহ সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, সালমান ইস্পাহানি-এই পাঁচজন চট্টগ্রামের স্থানীয়। মির্জা ইয়াসির আব্বাস প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে। তাছাড়া রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

এছাড়া তিনি বলেন,‘ গঠিত এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী তিন মাস ক্রিকেটের স্বাভাবিক কার্য যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তামিমের। কিন্তু বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন বয়কট করেন এই ক্রিকেটার। তবে ছয় মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন তিনি।

Exit mobile version