ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দ.আফ্রিকা- মুশতাক

ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দ.আফ্রিকা- মুশতাক

ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দ.আফ্রিকা- মুশতাক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে ভারতের এমন হারে যেন উল্লাসে মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক মনে করেন, উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে কঠিন হারের যন্ত্রণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭৬ রানের পরাজয়ে বড় ধাক্কা খেয়েই সুপার এইট শুরু করেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের সমীকরণও হয়ে গেছে কঠিন।

ভারতের আহমেদাবাদে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের দিশা দেখিয়েছেন ফিফটি হাঁকানো ডেভিড মিলার। সাথে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস, শেষ দিকে ত্রিস্টান স্টাবস।

ব্যাট হাতে মিলারের ৩৫ বলে ৬৩ রানের ইনিংস, ব্রেভিসের ২৯ বলে ৪৫ রান এবং স্টাবসের ২৪ বলে ৪৪ রানের ঝড়ের সুবাদে লড়ার মত পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে ভারত তালগোল পাকিয়ে ফেলে। মাত্র ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। একের পর এক উইকেট হারিয়ে ১১১ রানে থেমেছে ভারতের ইনিংস। দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ৭৬ রানের জয়।

ভারতের এমন হারে যেন উল্লাসে মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক পাকিস্তানের একটি টিভির আলোচনায় বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলোধুনা করেছে এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে।’

এছাড়া তিনি বলেন,‘ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং -তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। দেখুন সেই ক্যাচ (অভিষেক শর্মার ক্যাচ করবিন বশের) ধরার ক্ষেত্রে তাদের কী দারুণ সমন্বয় ছিল।’

উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ আগামী ২৬ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে বাকি দুই ম্যাচেই বড় ব্যবধানে ভারতকে জিততে হবে। অবশ্য জিতেও সেমিফাইনাল নিশ্চিত নয়। তখন অন্য দলের পয়েন্টর ওপর নির্ভর করবে ভারতের সেমিফাইনাল।

Exit mobile version