বিশ্বকাপে বাকি ২ ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিয়ে শঙ্কায় ভারত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে হেরে কঠিন বিপদে ভারত। শঙ্কায় পড়েছে সেমিফাইনাল খেলা নিয়েও। দ.আফ্রিকার বিপক্ষে ১৮৭ রান তাড়ায় ভারত অলআউট হয় ১১১ রান। ফলে ভারতের রানরেট এখন -৩.৮।
টি-টুয়েন্টি বিশ্বকাপে এবার সুপার এইটের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ৪ দল নিয়ে গড়া প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ ওয়ানে ভারত ও দ. আফ্রিকার সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
চার দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল সেমিফাইনালে খেলবে। যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে যে দল বেশি ম্যাচ জিতেছে, তারা ওপরে থাকবে। পয়েন্ট ও জয় উভয়ই সমান হলে নেট রানরেটের মাধ্যমে অবস্থান নির্ধারণ হবে। নেট রানরেটও সমান হলে দলগুলোর মধ্যে মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিবেচনা করা হবে। এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তাহলে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের মাধ্যমে চূড়ান্ত ক্রম নির্ধারিত হবে।
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর ভারত এখন বাকি দুই ম্যাচ জিতে সর্বোচ্চ ৪ পয়েন্ট জোগাড় করতে পারবে। আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়েকে এবং ১ মার্চ ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে।
তবে একটিতে হেরে গেলে যেটুকু সম্ভাবনা থাকবে, সেটিও অন্য ম্যাচগুলোর ফলাফল এবং নেট রানরেটের ওপর নির্ভর করবে। তবে বাকি দুটি ম্যাচ জিতলেও ভারতের সেমিফাইনাল নিশ্চত নয়। জয়ের পাশাপাশি নেট রানরেটের ক্ষতিও কাটিয়ে উঠতে হবে। কারণ, গ্রুপের তিনটি দলের পয়েন্ট ৪ হওয়া খুবই সম্ভব, আবার একটি দলের ছয় ও দুটি দলের চার পয়েন্ট করে হওয়াও সম্ভব।
ফলে ভারতের কাজ শুধু জেতাই নয়, ভালোভাবে জেতাও। যার অর্থ হচ্ছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে দ্রুত রান তাড়া করা, আর আগে ব্যাটিং করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করা।
ভারতের জন্য সুবিধা হয় যদি দক্ষিণ আফ্রিকা তাদের পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারায়। এতে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে তো উঠবেই, পাশাপাশি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের রানরেট কম থাকবে।
তখন ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ম্যাচে যে দলই জিতুক, কারও মোট পয়েন্ট চারের বেশি হবে না। আর ভারতও এ দুটি দলকে হারিয়ে দিলে ৪ পয়েন্ট পেয়ে যাবে। তখন রানরেট হয়ে উঠবে মুখ্য। তবে ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ের কেউ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে ভারতের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















