বিশ্বকাপে অতীত ভুলতে চায় জ্যোতিরা

বিশ্বকাপে অতীত ভুলতে চায় জ্যোতিরা

আগামী বিশ্বকাপে নিজেদের অতীত ভুলতে চান জ্যোতিরা। আগামী ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্ততির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে রবিবার সংবাদ সম্মেলনে এসে নিজেদের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধাটা আছেশুধু বিশ্বকাপের মতো মঞ্চে ভালো খেলাই নয়, আমরা ম্যাচ জিততে চাই। সেই জায়গা থেকে ভাবলে আমার মনে হয়, এবার আমরা আরও ভালোভাবে অন্তত দুই থেকে তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছি। দলে এখন যে অবস্থান তৈরি হয়েছে, তাতে কয়েকজন ক্রিকেটার অনেক বেশি ধারাবাহিক। বিশেষ করে টি–টোয়েন্টি সংস্করণে তারা ব্যক্তিগতভাবে অনেক ভালো ক্রিকেট খেলছে। তাই আমরা যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে দল হিসেবে সম্মিলিতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আগের অনেক বিশ্বকাপের তুলনায় ভালো ফল পাওয়া সম্ভব।’

গত বিশ্বকাপে বেশ ভালো করেছিল বাংলাদেশ। একটি ম্যাচ জেতার পাশাপাশি বেশ কয়েকটিতে জয়ের কাছাকাছি ছিল টাইগ্রেসরা। তবে এবার আর ভুল করতে চায় না জ্যোতিরা। তিনি বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিলাম। এরপর কয়েকটি ভালো উইকেটেও খেলেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি। তবে গত বছরের তুলনায় এবার আমার কাছে মনে হচ্ছে, আমাদের আরও বেশি ম্যাচ জেতার সম্ভাবনা আছে। কারণ, আমি মনে করি এখন দলের ভেতরে অনেক নতুন পারফর্মার যুক্ত হয়েছে, যা আগে ছিল না। আগে দল অনেকটাই দুই-একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন কয়েকজন ক্রিকেটার উঠে আসছে, যারা নিয়মিত দলের পারফরম্যান্সে অবদান রাখছে।’

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি। ঘরের মাঠে লম্বা সময় ধরে অনুশীলন করেছে তারা। বিশ্বকাপের আগে আইসিসি থেকে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাচ্ছে টাইগ্রেসরা।

Exit mobile version