বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের দায় বোলারদের দিলেন রাশিদ

বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের দায় বোলারদের দিলেন রাশিদ

বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের দায় বোলারদের দিলেন রাশিদ। আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। এরপর বোলিংয়ে দ্বিতীয় ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপেও ধরেছিল তারা। কিন্তু পরে আর সেই চাপ ধরে রাখতে পারেনি আফগানরা।

ভালো শুরুর পরও শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পাওয়ায় দলের বোলারদের দায়ী করলেন অধিনায়ক রাশিদ খান। রোববার চেন্নাইয়ে ব্যাটিং সহায়ক উইকেটে গুলবাদিন নাইবের ফিফটিতে ১৮৩ রান করে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের যা সর্বোচ্চ।

ব্যাটিংয়ে শুরুটা খুব ভালো ছিল না আফগানিস্তানের। প্রথম ১০ ওভারে কেবল ৭২ রান করতে পারে তারা। পরের ১০ ওভারে অবশ্য সেটা পুষিয়ে নেয় ১১০ রান করে। দলকে শেষ পর্যন্ত লড়ার পুঁজি এনে দেওয়ায় ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন। আর ম্যাচে রেকর্ড গড়ে ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।

গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। খেলেছিল আসরের সেমি-ফাইনালেও। কিন্তু এবার কিউইদের হারাতে না পেরে হতাশ রাশিদ। কাঠগড়ায় তুললেন তিনি দলের বোলারদের। তিনি বলেন,‘ বোলিংয়ে আমাদের শেখার আছে। আমরা ভালো একটা সংগ্রহ গড়েছি। কিন্তু যে জায়গায় বল করেছি, ওরা রান করার বেশি সুযোগ পেয়েছে। মুজিব ভালো শুরু করেছিল, ব্যাট হাতেও শুরুটা ভালো ছিল।

কিন্তু পাওয়ার প্লের পর বোলিংয়ে আমাদের সমস্যা ছিল।’এছাড়া তিনি বলেন,‘ কন্ডিশন অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে পারিনি। স্টাম্প সোজা ভালো লেংথের বল মারা কঠিন ছিল। আমরা সেটা করতে পারিনি। আশা করি, এসব ভুলের পুনরাবৃত্তি হবে না।’আহমেদাবাদে আগামী বুধবার গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।

Exit mobile version