বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। স্বপ্ন নিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে উড়াল দিল টাইগ্রেসরা। বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। বিশ্বকাপে অংশ নেয়ার আগে প্রস্ততির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।
রবিবার রাতে দেশ ছাড়ে বাংলাদেশ নারী দলের প্রথম বহর। তার আগে কাল সকাল সাড়ে ১১টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে নিজেদের স্বপ্ন কথা বলেছেন তিনি। সেই সাথে নিগার সুলতানা জ্যোতির দল এবারই প্রথম ঐতিহাসিক লর্ডসে গ্রুপপর্বের একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। যে কারণে বেশ রোমাঞ্চিত টাইগ্রেস অধিনায়ক।
মিরপুরে সম্মেলনে এসে জ্যোতি বলেন, ‘লর্ডসে খেলার সুযোগ পেয়ে দল রোমাঞ্চিত। ছোটবেলা থেকে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি বা দেখছি, কিছু বিখ্যাত মাঠ আছে বা ঐতিহাসিক স্থান আছে যেখানে আসলে খেলোয়াড়রা গিয়ে খেলতে চায়। আমাদেরও একই অনুভূতি, আমরাও খুশি যে আমাদের লর্ডসে খেলার একটা সুযোগ এসেছে।’
নিজের ইনজুরির গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে আমার ডান হাতের লিগামেন্ট নেই, ছিঁড়ে গেছে। আমি এত বছর ধরে খেলছি কেউ কি কখনো এই জিনিসটা জানতে পেরেছেন? না, কেউ জানতে পারেননি। তার মানে কী? আমি তো ক্রিকেট খেলে আসছি। এইজন্য বলছি যে, সম্প্রতি আমি জানি না আমার ফিটনেস নিয়ে কথাগুলো কেন আসছে।’
জ্যোতি আরও বলেন, ‘আমরা যেহেতু ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য স্কটল্যান্ডে যাব। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে আমাদের দলটা আসলে কতটুকু ভালো ক্রিকেট খেলবে। বিশ্বকাপের মতো মঞ্চে যদি আমরা সম্মিলিতভাবে ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই আগের অনেক বিশ্বকাপের চেয়ে ভালো ফলাফল পাবো।’
পেসার মারুফা আক্তারকে নিয়ে অধিনায়ক বলেন, ‘মারুফার কথা যদি বলি সে ধারাবাহিকভাবে দলের জন্য অনেক ভালো করে আসছে, পারফর্ম করছে এবং বলব যে তৃষ্ণাও কিন্তু যে নিজেকে প্রমাণ করেছে। গত সিরিজে ওর পারফরম্যান্স দেখেছি এবং কোয়ালিফাইয়ে দুয়েকটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে।’
বিশ্বকাপের গ্রুপপর্বে অন্তত তিন ম্যাচে জয় পাওয়ার প্রত্যাশা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমি মনে করি এবার আমরা যে গ্রুপে আছি, আমাদের সম্ভাব্য সবচেয়ে ভালো সুযোগ আছে যেন আমরা অন্তত তিনটা ম্যাচ জিততে পারি।’
বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে দল, যা বিশ্বমঞ্চে কাজে দেবে জানালেন অধিনায়ক। আগামী ৩০ মে থেকে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে এই সিরিজ খেলবে বাংলাদেশ। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের আগেও যে প্র্যাকটিস ম্যাচগুলো আমরা বিকেএসপিতে খেলেছি, ওখানে তাজনেহারের কিছু পারফরম্যান্স ছিল দেখার মতো। ওই দিক থেকে চিন্তা করে আসলে তাকে দলে রাখা হয়েছে।’
তাজনেহারের বিশেষত্ব নিয়ে তিনি বলেন, ‘তাজনেহারকে যুক্ত করার কারণ ছিল ওর হিটিং অ্যাবিলিটি। তাকে আসলে আমরা ওইরকম ভালো সুযোগ দিতে পারিনি, যেখানে সে একটু সময় নিয়ে ধীরস্থিরভাবে নিজে রান করতে পারবে। বরাবরই ও চাপের মধ্যে ব্যাটিং করেছে।’
জ্যোতির মতে এবারের বিশ্বকাপে সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, ‘প্রত্যেকবার আইসিসি কোনো টুর্নামেন্ট খেলার আগে কখনোই আমরা কোনো আন্তর্জাতিক সিরিজ বা ওরকম কোনো প্রস্তুতি একদমই পেতাম না। এটা নিয়ে আমাদের একটা অভিযোগ ছিল। এবার আমাদের সেটা নেই, কারণ আমরা শ্রীলঙ্কার সাথে তিনটা ম্যাচ ওখানে খেলেছি এবং সামনে ত্রিদেশীয় সিরিজে চারটা ম্যাচ খেলব। এর থেকে বড় আদর্শ প্রস্তুতি আর হতে পারে না।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















