আজ দিবাগত রাত ১টায় ২১ সদস্য বিশিষ্ট বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগে অংশগ্রহণ করবে বিকেএসপির তরুণরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। জাপানের ফুকুওকা শহরে আগামী ১১-১৫ মার্চ অনুষ্ঠিত হবে এই লিগ।
সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগে জাপানের ১৩টি দল ও ৩টি বিদেশী দল অংশ নেবে। বিদেশি দলগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়স ভিত্তিক দল। বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করবেন যথাক্রমে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও বিকেএসপির জাইকার জাপানী কোচ কাই তাগুচি।
সবমিলিয়ে এই টুর্নামেন্টে ১৬ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। বিকেএসপি ‘ডি’ গ্রুপে জাপানের আরও তিনটি দলের সাথে অংশ নিচ্ছে। সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই আসরে ইতোপূর্বে ইতালির এসি মিলান ইয়ুথ এবং ইন্টার মিলান ইয়ুথ দলসহ নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথ , চীন, কোরিয়া ও জাপানের অনূর্ধ্ব-১৭ জাতীয় দল অংশগ্রহণ করে।
গত বছর জাপানের মুনাকাটা সিটিতে অনুষ্ঠিত ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল অংশ নেয়। সেখানে ৩ টি খেলায় অংশ নিয়ে ১টি জয়, ১টি ড্র করে এবং আরেকটিতে পরাজিত হয়। বিকেএসপি দল নিজেদের তিনটি খেলাতেই প্রতিদ্বন্দিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় এবং খেলা আন্তর্জাতিক সমকক্ষ হওয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে এ বছর সানিক্স আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপির সকল খেলোয়াড় পরবর্তীতে বাংলাদেশ অ-১৭ দলে খেলার জন্য নির্বাচিত হয় এবং সর্বশেষ অ-১৭ বাংলাদেশ ফুটবল দলের প্রথম একাদশের সকল খেলোয়াড়ই ছিল বিকেএসপির।
এর ফলে সর্বশেষ বাংলাদেশ অ-১৭ জাতীয় দল দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। তাই এ ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছেলেরা যেমন নিজেদের স্কিল ডেভেলপ করার সুযোগ পায়, পাশাপাশি তাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা জাতীয় দলকে সমৃদ্ধ করতে আরও বেশী সহায়ক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
