ফিফা বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ম্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে এগিয়ে নেন দানিলো। ক্রোয়েশিয়ার লভরো মায়ের সমতা
ফেরানোর পর সফল স্পট কিকে দেশের হয়ে নিজের প্রথম গোল করেন ইগো চিয়াগো। তৃতীয় গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই গতিময় ফুটবলে জমে ওঠে। খেলার ১৯তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগ পান দানিলো। ভিনিসিউস জুনিয়রের কাটব্যাকে তার গতিময় শট চমৎকার রিফ্লেক্সে কোনোমতে ফেরান ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।
ম্যাচের ৩৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন জোয়াও পেদ্রো। তবে এবারও দুর্দান্ত সেভে ব্রাজিলকে হতাশ করেন লিভাকোভিচ। পাঁচ মিনিট পর ঝাঁপিয়ে তিনি ব্যর্থ করে দেন জোয়াও পেদ্রোর গতিময় শট।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি কিকে সুযোগ এসে যায় লুক ভুসকোভিচের সামনে। তার হেড দারুণ রিফ্লেক্সে ক্রসবারের উপর দিয়ে পাঠান ব্রাজিল গোলরক্ষক বেন্তো। দারুণ আক্রমনে গতিময় পাল্টা আক্রমণে পরের মিনিটে এগিয়ে যায় ব্রাজিল।
পায়ের কারিকুরি ও গতিতে ক্রোয়েশিয়ার তিনজনকে এড়িয়ে চমৎকার কাট ব্যাকে ভিনিসিউস খুঁজে নেন দানিলোকে। পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা অনায়াসে সারেন দানিলো। এরপর খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে বেশ চেপে ধরে ক্রোয়েশিয়া। ৫৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেই ক্রামারিচের গতিময় শট ঠেকান বেন্তো।
ম্যাচের ৭৪তম মিনিটে ভুসকোভিচের শট যায় ক্রসবারের উপর দিয়ে। ১০ মিনিট পর ম্যাচে সমতা ফেরান মায়ের। তনি ফ্রুকের উঁচু করে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি ব্রাজিলের কেউ। সুযোগ কাজে লাগিয়ে জাল খুঁজে নেন মায়ের।
তবে এরপর ক্রোয়াটদের উচ্ছ্বাস অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৮৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে ফের এগিয়ে নেন চিয়াগো। ডি বক্সে এন্দ্রিককে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। ফলে সমতা ফেরানোর মরিয়া চেষ্টায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল হজম করে ক্রোয়েশিয়া।
প্রতি আক্রমণে এন্দ্রিকের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি। এর আগে ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই জয়ে স্বস্তি নিয়েই আন্তর্জাতিক বিরতি শেষ করল ব্রাজিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















