ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদেরকে দাঁড় করিয়েছে আর্সেনাল। পরিস্কার ব্যবধানে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে তারা। তবে বৃহষ্পতিবার রাতে ছোট্ট একটা ধাক্কা হজম করতে হয়েছে তাদের। অ্যাওয়েতে ব্রেন্টফোর্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ১-১ গোলে শেষ হয়েছে তাদের ২৬তম ম্যাচটি।
ম্যাচের উভয় গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। নোনি মাদুয়েকে ৬১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আর্সেনালকে। তবে ১০ মিনিট পর কিন লুইস পোটার পরিশোধ করে।
এবারের মৌসুমে আর্সেনালের এটি ষষ্ঠ ড্র। ২৬ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্র থেকে তাদের সংগ্রহ ৫৭। চার পয়েন্ট কম অর্থাৎ ৫৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তাদের অনুসরণ করে চলেছে। পয়েন্ট টেবিলে অ্যাস্টন ভিলার অবস্থান তিন নম্বরে, তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ব্রেন্টফোর্ড ৪০ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। তাদের সামনে তৈরি হয়েছে ভালো একটা অবস্থানে পৌঁছানোর। যে কোনো সময় তারা লিভারপুলকে পেছনে ফেলতে। সাবেক চ্যাম্পিয়ন দলটি থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে আর্সেনালকে রুখে দেওয়া ব্রেন্টফোর্ড।
আর্সেনালের এই ড্রতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ম্যানচেস্টার সিটির। ছয় পয়েন্টের ব্যবধান কমে চার পয়েন্টে এসেছে। আগের দিন ম্যানচেস্টার সিটি নিজেদের ম্যাচে ফুলহামকে হারিয়ে ব্যবধান তিন পয়েন্টে নিয়ে এসেছিল। আগের অবস্থায় যেতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এ ম্যাচে আর্সেনালের জয়ের দরকার ছিল। তবে ম্যাচে সেভাবে তারা আলো ছড়াতে পারেনি। উইলিয়াম সালিবার অভাবটা প্রকটভাবে ধরা পড়ে। ইনজুরির কারণে এ ম্যাচে সালিবা মাঠে নামতে পারেননি।
নিজেদেরকে অবশ্য সৌভাগ্যবান মনে করতে পারে আর্সেনাল। যদিও তারা প্রথমে গোল পায়, তবে প্রথমার্ধেই তারা পিছিয়ে পড়ার আতঙ্কে পড়েছিল। কিন্তু তৈরি করা সুযোগটি ব্রেন্টফোর্ড কাজে লাগাতে পারেনি।
ম্যাচের শেষ মুহুর্তে ব্রেন্টফোর্ড জয়সূচক গোলের দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু ইনজুরি সময়ে পাওয়া সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন ইগর থিয়াগো। এ সুযোগটি কাজে লাগাতে পারলেই একদিকে যেমন পুরো তিন পয়েন্ট তাদের ভান্ডারে যোগ হতো তেমনি পয়েন্ট টেবিলে অবস্থানটা আরো উপরে উঠতো।
