বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র। মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকারে গত শনিবার নতুন বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের দুই সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ((বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।

আজ (রোববার) ১ ফেব্ররুয়ারি দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসজেএ জানায়, ‘মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নতুন বিধিনিষেধ আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের প্রাত্যহিক পেশাগত জীবন এতে ব্যাহত হবে বলে আমাদের মনে হয়েছে।’

বিবৃতিতে তারা আরও জানায়, ‘নিরাপত্তা বাড়ানোর ব্যাপার উল্লেখ করা হয়েছে এবং যেখানে পূর্ণ সহযোগিতা করতে আমরাও সবসময় প্রস্তুত। কিন্তু সংবাদকর্মীদের পুরোপুরি দূরে ঠেলে ক্রিকেটের প্রসার সম্ভব নয় বলেই আমরা মনে করি। বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার পথে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা সর্বজনবিদিত আপনি নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার সংবাদকর্মীরা। কিন্তু সেই ভাবনার প্রতিফলন বিসিবির এই সিদ্ধান্তে পড়েনি। বিশেষ করে, এত বড় সিদ্ধান্তনেওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা না করায় আমরা স্তম্ভিত ও হতাশ হয়েছি।’

বিএসজেএ জানায়, ‘আমরা বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে এবং স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।’

অন্যদিকে, বিএসপিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সদ্য ঘোষিত নিয়মাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই নিয়মগুলো গণমাধ্যমকর্মীদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে।’

তারা আরও জানায়, ‘বিএসপিএ সবসময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেছে। বিশেষ করে মিডিয়া অ্যাক্রেডিটেশন নীতিমালা প্রণয়নে বিসিবি মিডিয়া কমিটির মাধ্যমে আমরা নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছি।

এছাড়া বিএসপিএ দৃঢ়ভাবে জানাতে চায় যে, এসবিএনসিএসে চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমে সাংবাদিকরা কোনোভাবেই অন্তরায় নন। ক্রীড়া সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন এবং দেশ-বিদেশে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপনারাই বারবার বলেছেন, সাংবাদিকরা খেলাটির গুরুত্বপূর্ণ অংশীদার—বিএসপিএ বিশ্বাস করে, নীতিগত সিদ্ধান্তেও এই অবস্থান প্রতিফলিত হওয়া উচিত। বিএসপিএ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে। বিএসপিএ ও অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে একটি সহযোগিতামূলক এবং সবার জন্য উপকারী সমাধান নিশ্চিত করা সম্ভব।’

Exit mobile version