দুই দিন পরই পর্দা উঠছে বিশ্ব ফুটবলের মহোৎসবের। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘদিন ধরে চলা ধোঁয়াশা ও অনিশ্চয়তা অবশেষে কেটে গেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’ এবং ‘টি স্পোর্টস’ আগেই খেলা সম্প্রচারের ঘোষণা দিলেও, এবার দেশের ফুটবল প্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি নিয়ে এলো সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। কোনো ‘পাবলিক মানি’ অর্থাৎ বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ।
আজ সকালে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আনন্দবার্তা ভাগ করে নেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বার্তায় তথ্যমন্ত্রী উল্লেখ করেন:
অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
২০২২ বনাম ২০২৬: খরচের বড় ব্যবধান
গত ২০২২ কাতার বিশ্বকাপের সময় সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভিকে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হয়েছিল। সেবার বিটিভির ব্যয় হয়েছিল প্রায় ৯৮ কোটি টাকা। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। মন্ত্রীর দেওয়া বার্তা অনুযায়ী, এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা খরচ না করেই খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তথ্যমন্ত্রী তাঁর বার্তায় জানান, “আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।
আনুষ্ঠানিক ঘোষণা ও সংবাদ সম্মেলন
বিশ্বকাপ সম্প্রচার প্রক্রিয়ার খুঁটিনাটি ও বিস্তারিত রূপরেখা জানাতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরিকল্পনা রয়েছে। তবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানা গেছে।
প্রাতিষ্ঠানিক অংশীদারদের সাথে নিয়ে বিটিভির এই উদ্যোগের ফলে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি দর্শক বিনামূল্যে ও সহজে এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
