নিরাপত্তার ইসুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা ও বিসিবির নির্বাচন অনিয়মের তদন্ত নিয়ে মুখ খুলেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রায় টানা দেড় বছর ধরে নানা কারণে সমালোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ নির্বাচনের পর পাঁচ মাসের ব্যবধানে দুজন পরিচালকের পদত্যাগ। এছাড়া গত ৬ অক্টোবরের নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চলমান তদন্ত। সব মিলিয়ে রীতিমতো টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন।
এনএসসির চলমান তদন্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৬ মার্চ বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির পর সরকারের সঙ্গে বোর্ডের একপ্রকার টানাপোড়েনই চলছে। সংকটের এই পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবেলা করতেই লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এ বিষয়ে বুলবুল বলেন, ‘মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই আমি বলে আসছি, আমরা সরকারের অধীনেই কাজ করি।’
বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে বর্তমান সরকারের সম্ভাব্য তদন্তের বিষয়ে বিসিবি সভাপতি বলেন,‘ তিনি পত্রিকার মাধ্যমেই বিষয়টি জেনেছেন। এ বিষয়ে সরকারের তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা তো আমরা শুনব। জাতীয় দলের স্কোয়াড ঠিক ছিল। আমাদের প্রস্তুতি, কোথায় খেলবে সবই নির্ধারিত ছিল। তবে শেষ পর্যন্ত আমাদের সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।’
এছাড়া বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ একজন সাবেক ক্রিকেটার হিসেবে তাকে পোড়ায় কি না, এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘খুব চেষ্টা করছি। দিন শেষে আমি তো একজন ক্রিকেটার।’
একই সাথে বিসিবির নির্বাচনের আগের চার মাস ও পরের পাঁচ মাসের অভিজ্ঞতাকে বেশ ‘চ্যালেঞ্জিং’ হিসেবে দেখছেন বুলবুল। এই অস্থিরতার মধ্যেও জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম শুরু হওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
প্রথম ও দ্বিতীয় বিভাগের খেলা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও তৃতীয় বিভাগ লিগ মাঠে গড়ানো নিয়ে ক্লাবগুলোর দিকেই বল ঠেলে দিয়েছেন বিসিবি সভাপতি। এ বিষয়ে বিসিবির সভাপতি বলেন, ‘প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ক্রিকেট বোর্ডের অনুদান রয়েছে, আম্পায়ার প্রস্তুত, মাঠ প্রস্তুত, স্কোরারও প্রস্তুত, খেলোয়াড়রাও প্রস্তুত। আমরা শুধু ক্লাবগুলোর জন্য অপেক্ষা করছি।’
