অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই ফুরফুরে মেজাজে মিরপুরে হাজির হয়েছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন তিনি। বিসিবি সভাপতি ছুটি কাটিয়ে রোববার মধ্য রাতে দেশে ফিরেছেন। এসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফেরার পরই রোববার দুপুরে হাজির হয়েছিলেন মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হন। এসময় নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন।
অনুশীলনের ফাঁকে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এ ছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা ফিটনেস অনুশীলনে সময় পার করছেন। মিরপুর শের-ই বাংলায় নিয়মিত অনুশীলন করছেন। এরপরই স্কিল ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা।
এদিকে বেশ কিছুর দিন ধরেই তাকে নিয়ে গুঞ্জন ছিল। রোজার আগে দেশছাড়া আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত আর ফিরে আসবেন কি না, বা আদৌ এলে কবে, কখন আসবেন, তা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছিল, নানা মুনির নানা মত ছিল।
তবে ক্রিকেট বোর্ড কর্তারা শুরু থেকেই বলে আসছেন, তিনি বলে-কয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ করে ২৬-২৭ মার্চ নাগাদ দেশে ফিরবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলো এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর বঞ্চিত এবং কাউন্সিলরশিপ না পাওয়া একঝাঁক ক্রিকেট সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনকে একটি অবৈধ, অস্বচ্ছ এবং সরকারি হস্তক্ষেপে পরিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন।
সেই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই-বাছাই করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দেয়ার কথা। সময় ঘনিয়ে আসছে, তদন্ত প্রতিবেদন তৈরিরও দিনক্ষণ প্রায় চূড়ান্ত।
আগামী এপ্রিলের প্রথম ভাগেই তদন্ত প্রতিবেদন ক্রিকেট বোর্ডে জমা পড়বে। তার আগে, ক্রিকেট বোর্ডের সভাপতি এবং গত অক্টোবরের নির্বাচনে আইনবহির্ভূতভাবে, রীতি না মেনে নিজে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির নির্বাচনে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। যারা নির্বাচনের স্বচ্ছতা এবং অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের বারবারই কথা, খোদ আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকাও মোটেও স্বচ্ছ ছিল না। তার প্রেক্ষিতে তদন্ত কমিটি যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলবেন এবং তার বক্তব্য নিবেন, সেটা বলাই বাহুল্য।
